জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি: মেদিনীপুর পৌরসভার এক কংগ্রেস প্রার্থী তৃণমূলে যোগ দিয়ে বড় চমক দিলেন। ১৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মনোরঞ্জন সিনহা শনিবার প্রার্থী পদ প্রত্যাহার করেছিলেন। আজ বিধায়ক জুন মালিয়ার হাত থেকে ঘাসফুল পতাকা তুলে নিয়ে তৃণমূলে যোগ দেন। গত পৌরসভা নির্বাচনের সময় তৃণমূলে যোগ দিয়েছিলেন জেলার অন্যতম কংগ্রেস নেতা সৌমেন খান। গত লোকসভা নির্বাচনের সময় পৌর চেয়ারম্যান মৃগেন্দ্র মাইতির মৃত্যু হলে সৌমেন বাবু পৌরসভার প্রশাসক হন। এবার এই ১৮ নম্বর ওয়ার্ডে সৌমেনবাবুই তৃণমূলের প্রার্থী হয়েছেন।
জেলা কংগ্রেস সভাপতি সমীর রায় এ প্রসঙ্গে বলেন, মনোরঞ্জনের উপরই দায়িত্ব দেওয়া হয়েছিল সৌমেন খানকে হারানোর। কিন্তু এক বেইমানের হাত ধরে আরেক বড় বেইমান বিশ্বাসঘাতকতা করে তৃণমূলে গেলেন। আমরা তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে ওই ওয়ার্ডে নির্দল প্রার্থীকে সমর্থন জানাতে ওয়ার্ডের কর্মীদের সঙ্গে কথা বলে বাড়ি বাড়ি প্রচার চালাবো। মেদিনীপুর পৌরসভা নির্বাচনে ২৫টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০৯ জন প্রার্থী। তাদের মধ্যে বেশ কয়েকজন তৃণমূলের বিক্ষুব্ধ হিসেবে নির্দল প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তৃণমূল নেতৃত্বের সমস্ত চাপ উপেক্ষা করে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনেও নির্দল প্রার্থী হয়ে থেকে গেছেন বিক্ষুব্ধ অর্পিতা রায় নায়েক, সৈয়দ এরশাদ আলী, তনয় মাইতি সহ কয়েকজন। এবারের নির্বাচনে একাধিক ওয়ার্ডে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে গোঁজ প্রার্থী থাকলেও বিধায়ক জুন মালিয়ার দাবি, মেদিনীপুর পৌরসভার ২৫ টি ওয়ার্ডের সবকটিতেই জয়ী হবে তৃণমূল প্রার্থীরা।

