Blood donation, BJP, Keshpur, গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে কেশপুরে বিজেপির রক্তদান শিবির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ মে: “সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে, পাঁচটি মিনিট করলে, চারটি জীবন বাঁচে,” এই মানবিক অঙ্গীকারকে সামনে রেখেই গ্রীষ্মকালীন রক্তের চাহিদা পূরণের উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করলো বিজেপি। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৩ নম্বর মন্ডলের উদ্যোগে মহিষদা হাইস্কুল ভবনে অনুষ্ঠিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির।

এদিনের শিবিরে এলাকার যুবক-যুবতী সহ বিভিন্ন শ্রেণির মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রীষ্মকালে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কে রক্তের সঙ্কট দেখা দেয়। সেই সংকট মোকাবিলায় সমাজের মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন।

রক্ত সংগ্রহের কাজে সহযোগিতা করে ডেবরা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ব্লাড ব্যাঙ্ক। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় পুরো রক্তদান কর্মসূচি। রক্তদাতাদের উৎসাহ বাড়াতে আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেককে সম্মাননা ও শংসাপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল বিজেপি সাংগঠনিক জেলার মিডিয়া ইনচার্জ অনিন্দিতা জানা সহ বিজেপির একাধিক নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা রক্তদাতাদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজকদের দাবি, শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, সমাজসেবামূলক কাজের মাধ্যমেও সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিতেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *