TMC, Machlandpur, মছলন্দপুরে তৃণমূল নেতার গ্রেফতারিতে উচ্ছ্বাস, রাস্তায় নেমে আনন্দ সাধারণ মানুষের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৭ মে: উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে তৃণমূলের প্রভাবশালী নেতা তথা জেলার জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ অজিত সাহা এবং তাঁর ভাই সুজিত সাহার গ্রেফতারিকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একাধিক দুর্নীতির অভিযোগ ও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গোবরডাঙ্গা থানার পুলিশের হাতে গ্রেফতার হন দুই ভাই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সুজিত সাহার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই তল্লাশিতে উদ্ধার হয় নগদ ২৭ লক্ষ ৮ হাজার ২০০ টাকা। পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ, যার মধ্যে রয়েছে ৭ মিমি পিস্তলের ৬১ রাউন্ড কার্তুজের খোল, ৬৬৬ রাউন্ড নতুন কার্তুজ, একটি রাইফেল, একটি এয়ারগান এবং ৩টি মেটালিক প্যালেট বুলেট। ঘটনার পরেই গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অজিত সাহা ও সুজিত সাহার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবার তাদের বারাসাত আদালতে তোলা হলে গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।

তদন্তকারীদের অনুমান, এই ঘটনার পিছনে আরও বড় কোনও চক্র জড়িত থাকতে পারে। এদিকে তৃণমূল নেতার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই মছলন্দপুর এলাকায় আনন্দে মেতে ওঠেন হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ। অনেককে রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে নানা বেআইনি কাজ চলছিল। এই গ্রেফতারির ফলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন বলেও মত তাদের।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের অভিযোগ, প্রশাসনের চোখের সামনে দীর্ঘদিন ধরেই বেআইনি কার্যকলাপ চললেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন সকলের নজর পুলিশের তদন্তের দিকে। তদন্তে আরও কী তথ্য সামনে আসে এবং এই ঘটনায় অন্য কারও নাম জড়ায় কি না, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *