আমাদের ভারত, শিলিগুড়ি, ৩০ ডিসেম্বর: বামেদের পর বিজেপি। মঙ্গলবার সন্ধ্যায় শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল। প্রত্যাশামতই প্রার্থী হলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তিনি তাঁর ২৪নম্বর ওয়ার্ড থেকেই লড়বেন। এছাড়া প্রচুর নতুন মুখ এনেছেন তারা। এদিন বিজেপির দলীয় কার্যালয়ে সাংসদ রাজু বিস্তা তালিকা প্রকাশ করেন।
প্রার্থী তালিকা প্রকাশ করার আগে এদিন সকাল থেকে বৈঠকে বসেন বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য, রাজু বিস্তা সহ তিন বিধায়ক। দীর্ঘক্ষণ বৈঠক চলার পর রাতে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। কিন্তু তাই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কর্মীরা। তারা কার্যালয়েই বিক্ষোভে ফেটে পড়েন। টাকা নিয়ে প্রার্থী করা হয়েছে বলে অভিযোগ করেন।
এদিন সিপিএম ছেড়ে প্রাক্তন মেয়র পারিষদ শালিনী ডালমিয়া বিজেপিতে যোগ দেন। এদিন রাজু বিস্তা বলেন, শিলিগুড়িতে কোনও উন্নয়ন হয়নি। আমরা এই শহরকে স্মার্ট সিটি বানাতে চাই। তাই এবার শিলিগুড়ির মানুষের কাছে আবেদন তারা যেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জয়ী করেন।
প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য নাম, তৃণমূল থেকে আসা হেভিওয়েট নেতা নান্টু পাল ও তার স্ত্রী মঞ্জুশ্রী পাল। তারা দুজনেই টিকিট পেয়েছেন। এছাড়াও দলের বিভিন্ন পদে থাকা কর্মকর্তারাও টিকিট পেয়েছেন। মূলত শংকর ঘোষকে মুখ করেই নির্বাচনে লড়বেন তারা। যদিও সেবিষয়ে জেলা সভাপতি আনন্দময় বর্মণ বলেন, আমরা কাউকে মুখ করে লড়াই করি না। আগে বোর্ড দখল করব তারপর সকলে মিলে ঠিক করা হবে মেয়র কাকে করা হবে।

