স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ ডিসেম্বর:
রাতের অন্ধকারে তালা ভেঙ্গে মন্দির থেকে সোনার গয়না সহ প্রায় দেড় লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট কয়েকজন দুষ্কৃতীর। সিসিটিভি ক্যামেরায় বন্দি চোরের কীর্তি। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া পাড়া এলাকার ঘটনা।
সূত্রের খবর, শান্তিপুর থানার ফুলিয়া পাড়ার বাসিন্দা শ্যামল রায়। তার নিজের বাড়িতেই একটি কালী মন্দির রয়েছে দীর্ঘদিন ধরে। বেশ কয়েকদিন ধরে তাদের বাড়িতে কয়েকজন রাজমিস্ত্রি কাজ করতে আসে। আজ সকালে তারা এসে দেখে তাদের মন্দির তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। এরপরই বাড়ির লোকজনকে ডেকে নিয়ে এলে তারা এসে দেখে, কালী মায়ের গায়ে যে সমস্ত সোনার গয়না ছিল সবকিছুই চোরেরা নিয়ে পালিয়েছে। শুধু তাই নয়, প্রণামী বাক্সে যে নগদ অর্থ ছিল সেটিও ভেঙ্গে নিয়ে গেছে চোরের দল। তাদের দাবি, যে পরিমাণে সোনা, রুপোর গয়না খোয়া গেছে তার আনুমানিক বাজার দর প্রায় দেড় লক্ষ টাকা।

এই প্রথম নয়, নদীয়ার ফুলিয়া এলাকায় এর আগেও একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের দাবি, অতি দ্রুত প্রশাসন উদ্যোগ নিয়ে যারা দোষী তাদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা নিক।

