স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৯ মে: বিজেপি করার “অপরাধে” এক বিজেপি কর্মী ও তাঁর স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের সমর্থদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে। এই খবর পেয়ে ওই বিজেপি কর্মীর বাড়িতে ছুটে আসেন রায়গঞ্জ বিধানসভা বিজেপির বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তৃণমূল কংগ্রেসের যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কৃষ্ণ কল্যাণী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ পুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মিলনপাড়ার বাসিন্দা বিজেপি কর্মী সুজিত তোডি দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী হিসেবে কাজ করছেন। এবারের বিধানসভা নির্বাচনেও বিজেপির প্রচার সহ বিভিন্ন কাজ করেছেন। মঙ্গলবার গভীর রাতে তৃণমূল কংগ্রেস সমর্থক কয়েকজন ওই বিজেপি কর্মীর বাড়িতে এসে সুজিতবাবুকে ডাকাডাকি করে দোকান খোলার জন্য বলতে থাকে। গভীর রাতেও নিজের দোকান খুলে জিনিসপত্র দেওয়ার পর সুজিতবাবুকে বিজেপি কেন করে বলে বেধড়ক মারধর করতে থাকে তৃণমূল কংগ্রেস সমর্থকরা। স্বামীকে মারধর করতে দেখে সুজিতবাবুর স্ত্রী ছুটে এসে চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার সকালে খবর পেয়েই বিজেপি কর্মী সুজিতের বাড়িতে ছুটে আসেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আহত সুজিতবাবু ও তাঁর পরিবারের সাথে দেখা করে তাদের সাথে কথা বলেন। বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, বিজেপি করার অপরাধে তৃণমূল কংগ্রেস কর্মীরা সুজিতকে মারধর করে। এই ঘটনায় রায়গঞ্জ থানায় অভিযোগ জানানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
সুজিত তোডি জানিয়েছেন, বিজেপি করি বলে আমাকে তৃণমূল কংগ্রেসের লোকজন আমাকে মারধর করার পাশাপাশি আমাকে মেরে শিলিগুড়িতে পাঠিয়ে দেবে বলে হুমকি দেয়। হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সঠিক বিচারের আশায় রয়েছেন ওই বিজেপি কর্মীর পরিবার।

