স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৯ মে:
শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন। ভস্মীভূত হয়ে গেল একটা ফলের দোকান। খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
সূত্রের খবর, গতকাল রাত এগারোটা নাগাদ নটরাজ হোটেল বিল্ডিংয়ের নিচে একটি ফলের দোকানে হঠাৎই আগুন লেগে যায়। নিমেষের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে যায় গোটা ফলের দোকান, স্থানীয় কিছু লোকজন ফোন করে শান্তিপুর থানায় খবর দেয়।

শান্তিপুর থানার পুলিশ এসে খবর দেয় দমকল অফিসে। ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে দমকল কর্মীরা জানান, কোনও কারণে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে আশেপাশে দোকানগুলি। কারণ আগুনের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের দোকানগুলোতে আগুন লেগে যেতে পারত। আগুনের শিখা ওপরে ওঠার কারণে হোটেল বিল্ডিংয়ের ক্ষতি হতে পারত। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির অনুমান প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা বলে মনে করছেন দমকল কর্মীরা।

