আমাদের ভারত, ২০ ফেব্রুয়ারি: গোবর দিয়ে তৈরি হবে সিএনজি। সেই জ্বালানি দিয়ে বাস চলবে। একই সঙ্গে বাস্তবায়ন হবে স্বচ্ছ ভারত অভিযান। এমনই প্রাকৃতিক গ্যাস উৎপাদন প্রকল্পে উদ্যোগী হল মধ্যপ্রদেশ সরকার। দেশের প্রথম গোবরধন প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে ভার্চুয়ালি ইন্দোরের এই প্রকল্পের সূচনা করেন তিনি।
শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মধ্যপ্রদেশের রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, দুই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি ও নরত্তম মিশ্র। এই প্রকল্পটি তৈরি হয়েছে ইন্দোরের দেবগুড়ারিয়া এলাকায়। এখানে প্রতিদিন ৫৫০ টন গোবর থেকে গ্যাস উৎপাদন হবে।
প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানানো হয়েছে, এই প্রকল্প থেকে প্রতিদিন ১৭ হাজার টন সিএনজি ছাড়াও ১০০ টন প্রাকৃতিক সার উৎপাদন হবে। পরিবেশবান্ধব এই প্রকল্পের বৈশিষ্ট্য এখান থেকে কোনও বর্জ্য উৎপাদন হবে না। মধ্যপ্রদেশ সরকার ঠিক করেছে ইন্দোর শহরের ৪০০ বাস এবং দেড় হাজার ছোট গাড়ি চালানো হবে এই প্রকল্প থেকে উৎপন্ন গ্যাসের মাধ্যমে।
প্রকল্পের উদ্বোধনে মোদী বলেন, এই প্রকল্পে যেমন প্রাকৃতিক গ্যাস ও সার তৈরি হবে তেমনি দেশে দূষণমুক্ত পরিবেশ ও স্বচ্ছ ভারত অভিযানের বার্তাবাহক হবে।” দেশের অন্তত ৭৫টি বড় শহরে এই ধরণের প্রকল্প গড়বে বিশেষ উদ্যোগ হয়েছে সরকার বলেও জানান তিনি।

