স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২০ ফেব্রুয়ারি: আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনায় রাজ্যের তরফে যথাযথ তদন্ত হবে৷ অভিযুক্তরা সকলেই গ্রেফতার হবে৷ কেউ ছাড়া পাবে না৷ রবিবার বিকেলে উত্তর দিনাজপুরের ইসলামপুর পুর ভোটের প্রচারে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন মালদায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রেক্ষিতে এদিন কলকাতার মেয়র পালটা বলেন, “সিবিআই তদন্তের জন্য রাজ্য সরকারের অনুমতি লাগে। ও সহযোগিতার কে? সুকান্ত কে? কোন প্রশাসক? অতিরিক্ত সাংবিধানিক ক্ষমতা তাঁকে কে দিল? দলের সভাপতি মানে এই না যে তিনি গোটা ভারতবর্ষ বা বাংলার সভাপতি৷”
অন্যদিকে বিজেপিকে তোপ দেগে ফিরহাদ হাকিম বলেন, “বিজেপি অনেকদিন ধরেই রাজ্যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে৷ যেহেতু আমার নাম ফিরহাদ হাকিম, পাকিস্তানের লিঙ্ক, কিন্তু ভারতবর্ষে জন্মেছি, ভারতবর্ষে মৃত্যু হবে, ভারতের মাটিতেই আমার কবর হবে। বার বার করে সুকান্তকে প্রমাণ দেব না যে আমি ভারতীয়৷ ডিভিশনাল পলিটিক্স বাংলায় চলে না। এখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের যত মত তত পথ এটার ওপর মানুষ বিশ্বাস করে৷ সুকান্তবাবুরা শিখে এসেছেন গুজরাট থেকে৷ দাঙ্গার গুজরাট, ভাগাভাগির গুজরাট৷ হিন্দু মুসলমান৷ এখানে সেটা হয় না।” এদিন ইসলামপুর পুর নির্বাচনে ১৭ টি আসনেই জয়ের দাবি করেন ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, “সবক’টি ওয়ার্ডেই ঘাস ফুল ফুটবে।”

