পুরুলিয়ায় ভোটারদের মধ্যে মুরগির মাংস বিলির অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

সাথী দাস, পুরুলিয়া, ২০ ফেব্রুয়ারি: রবিবাসরীয় প্রচারে ভোটারদের মুরগির মাংস বিলি করে প্রভাবিত করার অভিযোগ উঠল পুরুলিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা বিধায়ক সুদীপ মুখার্জির বিরুদ্ধে। ওই ওয়ার্ডের খেজুরিয়া ডাঙ্গা এলাকার ঘটনা।

ঘটনাকে ঘিরে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ তুলে বিজেপির ওই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন দফতরে লিখিত অভিযোগ জানানো হবে বলে জানান তৃণমূল প্রার্থী নবেন্দু মাহালী। তাঁর অভিযোগ, পুরুলিয়ার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুদীপ মুখার্জি ওরফে কাল্টু রবিবার ওই ওয়ার্ডে খেজুরিয়া ডাঙ্গা এলাকায় ভোট প্রচারের সময় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মুরগির মাংস পৌঁছে দেন। সুদীপবাবুর কাছ থেকে মুরগির মাংস পাওয়ার কথা স্বীকার করে নেন বাসিন্দারা। থলিতে মাংস হাতে নিয়ে তা স্বীকার করেন মানি মাহাতো নামের এক মহিলা।

যদিও মুরগির মাংস বিলি তথা ভোটারদের প্রভাবিত করার কথা সম্পূর্ণ অস্বীকার করেন বিজেপির প্রার্থী তথা বিধায়ক সুদীপ মুখার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *