ভোটারদের সহজেই প্রভাবিত করা হবে! দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি বন্ধ করতে কমিশনকে চিঠি বিমানের

আমাদের ভারত, ১৫ ফেব্রুয়ারি: মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে “পাড়ায় সমাধান” ও “দুয়ারে সরকার” কর্মসূচি। রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞাপন দিয়ে এই কর্মসূচির প্রচারের কাজ চলছে। কিন্তু সরকারের এই কর্মসূচি বন্ধ করতে নির্বাচন কমিশনকে আবেদন জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান। তাঁর দাবি, এরফলে নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে।

চিঠি লিখে নির্বাচন কমিশনকে বিমান বসু জানিয়েছেন, “আমরা মনে করি এই বিজ্ঞাপনে উল্লেখিত বিষয়গুলো নির্বাচন কমিশনের নির্দেশিকার লংঘন করছে।” আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৭টি পুরসভার ভোট। বামেদের অভিযোগ, রাজ্যজুড়ে এখন এই দুই কর্মসূচি চালানো হলে, তা ভোটারদের প্রভাবিত করতে পারে। কর্মসূচির বন্ধের কারণ হিসেবে বিমানবাবু লিখেছেন, স্থানীয় স্তরে শাসকদলের নেতা, কর্মী, প্রার্থী, প্রাক্তন পুরপ্রতিনিধিরা যথেষ্টভাবে কর্মসূচিতে সামিল হবেন এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা ও আদর্শ আচরণবিধি লঙ্ঘন করবেন।” বিমান লিখেছেন, “ভোটারদের প্রলুব্ধ ও প্রভাবিত করার মধ্যে দিয়ে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন নির্দেশিকার তোয়াক্কা না করার এই অপচেষ্টাকে দ্রুত বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি।”

প্রতিবাদপত্রে রাজ্য সরকারের বিজ্ঞাপনের ঠিক কোনও অংশ নিয়ে তাদের আপত্তি তাও স্পষ্ট করেই জানিয়েছেন বাম নেতা বিমান বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *