আমাদের ভারত, ১৫ ফেব্রুয়ারি:
গরু পাচার কাণ্ডে অন্যতম সাক্ষী হিসেবে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কলকাতায় গোয়েন্দা সংস্থার অফিস নিজাম প্যালেসে মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। সেই মতো সকালে তিনি হাজির হন। জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে দেব বলেন এনামুল হককে চিনি না, কোনও টাকা লেনদেন হয়নি।
জানা গেছে, পাঁচ ঘণ্টায় প্রায় দুই দফায় অভিনেতা সাংসদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিবিআই নোটিশ অনুযায়ী সোমবার সকাল এগারোটায় অফিসে পৌঁছে যান দেব ওরফে দীপক অধিকারী। দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদের পর প্রায় বিকেল চারটে নাগাদ তিনি নিজাম প্যালেস থেকে বেরোন। সেই সময় বেশ কিছুটা বিধ্বস্ত লাগছিল তাঁকে। বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, “একজন ব্যক্তিকে চিনি কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। আমার বক্তব্য জানিয়েছি, মনে হয় আর ডাকবে না।”
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দেবের বয়ান খতিয়ে দেখছে বলে সূত্রের খবর। তৃণমূলের সংসদ তথা টলিউডের সুপারস্টারের সঙ্গে গরু পাচারকারীর সঙ্গে কেন যোগাযোগ তার কেনই–বা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ডাকলো সে বিষয়ে স্পষ্ট করে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। সেই বিষয়ে সিবিআই নোটিশে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে জানা গেছে, এই মামলায় বিভিন্ন সাক্ষীকে জেরা করার সময় দেবের নাম উঠে আসে। সে কারণেই তাকে ডাকা হয়েছিল বলে মনে করা হচ্ছে।
গরু পাচার কান্ডের তদন্তে রাজ্য পুলিশের বেশ কয়েকজন কর্তা ও নিচুতলার কিছু ইন্সপেক্টরকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। রাজ্যের এক মন্ত্রী এবং আইনজীবীকেও তলব করা হয়েছে। এর আগে তদন্তকারীরা জানিয়েছিলেন, গরু পাচারের লভ্যাংশের বেআইনি টাকাকে বৈধ করতে কিছু প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ্যে এসেছে। যদিও এর আগে জানুয়ারির শেষ সপ্তাহে গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হক জামিন পেয়েছে দেশের শীর্ষ আদালত থেকে।

