“খড়্গপুরে গড়ে উঠতে চলেছে সাইকেল হাব”, মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে: খড়্গপুরে গড়ে উঠতে চলেছে সাইকেল হাব। মঙ্গলবার মেদিনীপুরের প্রদ্যোত স্মৃতি ভবনে প্রশাসনিক সভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন বাংলায় সাইকেল কারখানা ও অনুসারী শিল্প করতে আগ্রহী ৫ শিল্পোদ্যোগী। তাঁরা জানান, দীর্ঘিদিন ধরেই তারা যন্ত্রাংশ তৈরী শিল্পের সঙ্গে যুক্ত আছেন। এবছরের শিল্প সম্মেলনে তাঁরা একটি প্রস্তাব দিয়েছিলেন, মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে কয়েকদফায় আলোচনাও হয়েছে তাঁদের। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁদের এদিনের প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। তাঁরা এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন বহুদিন আগে আসানসোলে সাইকেল তৈরির কারখানা ছিল। সেটা বন্ধ হয়ে যাওয়ায় একটা আক্ষেপ ছিল। মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছর সবুজ সাথী প্রকল্পে রাজ্যে ১০ থেকে ১২ লক্ষ সাইকেল বিলি করা হয়। এর সবটাই ভিন রাজ্য থেকে আনা হয়। এরফলে প্রতি বছর ৪০০ থেকে ৫০০ কোটি টাকা ভিন রাজ্যে চলে যাচ্ছে। যদি বাংলাতেই সাইকেল কারখানা গড়ে ওঠে তবে একদিকে যেমন উৎপাদনকারী শিল্প সংস্থার লাভ, তাদের সব সাইকেলই কিনে নেবে রাজ্য সরকার আর রাজ্য সরকারকে ভিন রাজ্য থেকে সাইকেল আনার জন্য পরিবহন খরচ হচ্ছে তা বাঁচবে। সারা দেশের মধ্যে এই রাজ্য সবথেকে বেশি স্কুল পড়ুয়াকে সাইকেল বিলি করেছে।

সাইকেল কারখানা গড়ে তুলতে ২০০ কোটি টাকা বিনিয়োগ হবে। খড়্গপুরে রয়েছে বিদ্যাসাগর শিল্প তালুক। এখানে অনেক শিল্প গড়ে উঠেছে। এখানে ৩৪ একর জমিতে গড়ে উঠবে সাইকেল কারখানা। এর পাশাপাশি কিছু অনুসারী শিল্প গড়ে উঠবে। আইটিআই ও পলিটেকনিক পাশ করা বহু ছেলে মেয়ে এসব কারখানায় কাজ পাবে। কর্মসংস্থানের নতুন দিশা খুলে দেবে এই সাইকেল পার্ক।

মুখ্যমন্ত্রী মুখ্যসচিব ও জেলা শাসককে নির্দেশ দেন জমি সহ যে কোনো রকম সমস্যায় তাঁদের পাশে থেকে সবরকমের সাহায্য করতে হবে। পুলিশ সুপারকে নির্দেশ দেন, কেউ যাতে তাঁদের বিরক্ত না করে তা দেখতে হবে। খড়্গপুরের বিধায়ক দীনেন রায়ের উদ্দেশ্যে তিনি বলেন, চাকরি চাই বলে কারখানার গেটে চলে যাবেন না। খড়্গপুরে এই ধরনের সাইকেল কারখানা গড়ে উঠতে চলেছে এতে তিনি যে খুব খুশি তা বার বার শিল্পোদ্যোগীদের জানান মুখ্যমন্ত্রী। তাঁদের ধন্যবাদ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *