আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ জানুয়ারি: বাড়তে থাকা করোনা সংক্রমণে লাগাম টানতে অবশেষে উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসতের বাজার সহ সমস্ত দোকান, শপিং মল বন্ধ রাখার নির্দেশ জারি করলো বারাসত পুরসভা ও প্রশাসন। বারাসত পুর এলাকার মধ্যে থাকা দোকান, বাজার, শপিংমল সপ্তাহে তিনদিন বন্ধ থাকবে।

বারাসত পুরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখার্জি জানান, করোনা সংক্রমণ দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার প্রচার করা সত্ত্বেও কিছু মানুষ এখনও নির্বিকার। তাই বাধ্য হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহের মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার অত্যাবশকীয় দোকানগুলি বাদে অন্যসব ধরনের দোকান, বাজার, শপিংমল বন্ধ রাখতে হবে। নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত এভাবে দুই তিন সপ্তাহ চালানোর পর পরিস্থিতির পর্যালোচনা করে পরবর্তী সদ্ধান্ত নেওয়া হবে।


