কোভিড বিধি ভেঙে ভোটের প্রচার করায় বিধায়ক সহ একাধিক বিজেপি নেতা গ্রেফতার চন্দননগরে

আমাদের ভারত, হুগলি, ৯ জানুয়ারি: করোনা বিধি ভেঙে পুর ভোটের প্রচার করার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক সহ একাধিক বিজেপি নেতা ও কর্মীরা। রবিবার ঘটনাটি ঘটেছে চন্দননগর পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের মালাপাড়া কালীতলা এলাকায়।

পুলিশ ও স্থানীয় জানা গিয়েছে, চন্দননগর পুরনিগমের ভোটকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি চন্দননগরজুড়ে প্রচার অভিযান চালাচ্ছে। এই প্রচার অভিযানে সমস্ত রাজনৈতিক দলগুলিকে টপকে গিয়ে করোনা বিধি লঙ্ঘন করে ব্যাপক প্রচার অভিযান চালাচ্ছে বিজেপি। অন্তত এমনটাই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। রবিবার ফের ওই একই অভিযোগ উঠতেই বিজেপির প্রচার অভিযানে হাজির হয় চন্দননগর থানার পুলিশ। তারা বিজেপির প্রচারে বাধা হয়ে দাঁড়ায় বলে অভিযোগ। বিজেপি নেতাদের পুলিশ পরিষ্কার জানিয়ে দেন, বিজেপি নেতারা করোনা বিধি ভঙ্গ করে প্রচার করছেন। এই ঘটনায় পুলিশ ও বিজেপি নেতারা চরম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে বিজেপি বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক বিমান ঘোষ, বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার ও যুব সভাপতি সুরেশ সাউকে গ্রেফতার করেন। একই সঙ্গে চন্দননগরের ২৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী সন্ধ্যা দাস সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

দেশজুড়ে করোনা আবহে হু হু করে সংক্রমন বেড়েই চলেছে। এই অবস্থায় রাজ্য সরকার করোনা সংক্রমন রুখতে রাজ্যজুড়ে বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করেছে। আর এই সময় চন্দননগরের এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন প্রায় আড়াই ঘন্টা চন্দননগর থানায় বিজেপি নেতাদের আটকে রাখার পর ব্যাক্তিগত বন্ডে পুলিশ তাদের মুক্তি দেয়। এরপর ফের বিকেলের দিকে কোভিড গাইডলাইন মেনে চন্দননগরের ২৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রচার শুরু করে।

এই গোটা ঘটনা প্রসঙ্গে চন্দননগরের প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা রাম চক্রবর্তী বলেন, বিজেপি কোনও আইন মানে না। ওরা মানুষের ভালো চায় না। আসলে ওরা ভোটই চাইছে না। কারণ, ওরা জানে ভোট হলে ওদের কলকাতার মত অবস্থা হবে।

এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক তথা বিধায়ক বিমান ঘোষ বলেন, কোভিড বিধি শুধু কি বিজেপির জন্যেই প্রযোজ্য? তৃণমূল এবং সিপিএমকে পুলিশ আটকাচ্ছে না। আমরা পাঁচজন মিলে প্রচার করছিলাম। কিন্তু, এলাকার মানুষ আমাদের সঙ্গে চলে এলে আমরা কি করব।

পুলিশ জানিয়েছে, কোভিড বিধি উলঙ্ঘন করায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। ফের ব্যক্তিগত বন্ডে তাদের মুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *