রাজেন রায়, কলকাতা, ১০ অক্টোবর: উৎসবের মরসুম শুরু হয়ে গেছে। আজ মহাপঞ্চমী। সকাল থেকেই মানুষ বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। দুর্গাপুজো চলাকালীন রাজ্যের কোভিডবিধি আরও শিথিল করল নবান্ন। যাতে দু’বছরের মন্দিরের সামনে আরও একটু খোলা মনে মানুষ পুজোর আনন্দ উপভোগ করতে পারেন।
শনিবার রাতে নবান্নের তরফে জারি করা নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত ১১টার পরও রেস্তরাঁ-সহ সমস্ত দোকান খোলা রাখা যাবে। বেশি রাত পর্যন্ত খোলা থাকবে বার’ও। তবে এই নির্দেশিকা কার্যকর হবে শুধুমাত্র ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর।
প্রসঙ্গত, এই সময়কালে রাজ্যের রাত্রিকালীন কারফিউ তুলে দিয়েছে রাজ্য সরকার। পুজোর কথা মাথায় রেখে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত আগেই শিথিল করা হয়েছে কোভিড সংক্রান্ত নিষেধাজ্ঞা।
উৎসবের দিনগুলিতে থাকবে না নাইট কারফিউ। মূলত উৎসবের সময় যাতে সমস্যা না হয়, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ২১ অক্টোবর থেকে ফের চালু হবে নাইট কারফিউ। এরপর বার, রেস্তরাঁও রাতভর খোলা রাখার উপর ছাড় দিল রাজ্য সরকার। যদিও এবছরও মণ্ডপের ভিতরে প্রবেশ নিষিদ্ধ তা আগেই জানিয়ে দিয়েছিল নবান্ন।
এছাড়া কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে অঞ্জলি থেকে শুরু করে সিঁদুর খেলার ওপর নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। তবে পুজোর এই কটা দিন নাইট কারফিউ থাকছে না। গণ পরিবহন চলাচলও স্বাভাবিক থাকবে।

