আমাদের ভারত, মেদিনীপুর, ১০ অক্টোবর: দফায় দফায় বন্যা কেড়েছে মানুষের ঘরবাড়ি। কিন্তু বানভাসি ঘাটালের মানুষের মনের কোণে লুকিয়ে থাকা পুজোর আনন্দ এবং পুজো কমিটির উদ্যোক্তাদের উৎসাহ কেড়ে নিতে পারেনি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ও চূড়ান্ত ব্যস্ততা। ঠুকঠাক আওয়াজে তৈরি হচ্ছে মন্ডপ। একটু একটু করে বাঁশের কাঠামো রূপ পাবে মণ্ডপ সজ্জাতে।
মা আসছে। মহা পঞ্চমীতে ঘাটালের ৭-এর পল্লীর কর্মকর্তা জানালেন, এই বছর তাদের পুজোর থিম ছিল তপোবন। তপবনের বিশুদ্ধ, শান্ত পরিবেশ তারা দর্শকদের দেখাতে চেয়েছিলেন। কিন্তু এখনো মাঠে জল দাঁড়িয়ে আছে। তাই ভাবনা ভাবনাতেই রয়ে গেল, অর্থাৎ থিম রূপায়িত হল না। মাত্র দু’দিনের মধ্যে জেসিবি মেশিন দিয়ে মাটি ফেলে দর্শকরা যাতে মণ্ডপে আসতে পারেন তার ব্যবস্থা করেছে ৭ এর পল্লী। দিনরাত এক করে কাজ করে চলেছেন সবাই মিলে। হাত লাগিয়েছেন গ্রামের বাসিন্দারাও।
মধ্যবিত্ত জীবনের ঘাতপ্রতিঘাতের মাঝেই পুজোর কটা দিন যে আলাদা। ঠিক এই কথাটাই প্রত্যয়ের সঙ্গে বুঝিয়ে দিলেন ৭ -এর পল্লীর পুজোর উদ্যোক্তারা

