জয় লাহা, দুর্গাপুর, ১১ নভেম্বর: দামোদর নদ পেরিয়ে বাঁকুড়ার হাতির দল দাপিয়ে বেড়াল কৃষি অঞ্চল গলসীতে। রাতভর কৃষি প্রধান গলসীতে ধান জমিতে তান্ডব করে। নষ্ট করেছে বিঘার পর বিঘা জমির পাকা ধান।
জানা গেছে, প্রায় ৭০ টি হাতির একটি দল বুধবার রাত্রে সোনামুখির জঙ্গল থেকে দামোদর পেরিয়ে গলসীতে ঢোকে। গলসীর শিল্ল্যা- রামগোপালপুর দিয়ে পোতনা পুরষা অঞ্চলে ঢোকে। সেখান থেকে সকালের দিকে হাতির দলটি অউশগ্রামের দিকে এগিয়ে যায়। তার মধ্যে একটি হাতি দলছুট হয়ে পড়ে রামগোপালপুর এলাকায়।

গ্রামবাসীদের দাবি, এখন ধান পাকতে শুরু করেছে। পাকা ধানে মই দিয়ে দিয়েছে হাতির দল। যে জমির ওপর দিয়ে গেছে, সেই জমির সব ধান যেমন খেয়েছে, তেমনই পায়ে মাড়িয়ে নষ্ট হয়েছে। প্রায় ১০০ একরেরও বেশী জমির ধান নষ্ট হয়েছে। এদিকে খবর পেয়ে বন দফতরের কর্মীরা হাতির দলটি জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্ট শুরু করেছে।

