Deputation, Bankura, গরু হাট চালু ও গুন্ডাদমন আইনের নামে প্রতিবাদীদের কন্ঠরোধ বন্ধ সহ ১২দফা দাবি, বাঁকুড়ার জেলাশাসককে ডেপুটেশন

আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ আগস্ট: গরু হাট চালু, গুন্ডাদমন আইনের নামে প্রতিবাদীদের কন্ঠরোধ করা বন্ধ সহ ১২দফা দাবিতে সারাভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির পক্ষ থেকে আজ বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন ও মাচানতলার আকাশ মুক্ত মঞ্চে অবস্থান করা হয়। এই অবস্থানে বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক রাম নিবাস বাস্কে, রবিদাস মুর্মু, জয়ন্ত মান্ডি, আইনজীবী অভিষেক বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক সোমরাজ মুখার্জি এবং কবি আলোক মন্ডল। সিপিআই- এর পক্ষে সঞ্জু বরাট- সহ সিপিআইএমএল- এর জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি, তিতাস গুপ্ত। সঙ্গীত পরিবেশন করেন দেবল দত্ত, শঙ্কর ঘোষ।সভা পরিচালনা করেন সংগঠনের জেলা সভাপতি ফারহান হোসেন খান।

বক্তারা বলেন, এটা স্বাধীনতা আন্দোলনের মাস। কিন্তু দুঃখের বিষয় কেন্দ্র ও রাজ্যে এমন একটা সরকার চলছে যারা ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলে, নেতাজি’কে দেশদ্রোহী -গুন্ডা বলে। নেতাজির মূর্তি ভাঙ্গে। আদিবাসীদের বনবাসী বলে সংবিধান স্বীকৃত সমস্ত অধিকার কেড়ে নিতে চায়। রাজ্যে ১০০ দিনের কাজ চালু হলো না। অনেক মহিলার লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নিয়ে প্রতিবাদীদের কন্ঠস্বর দমন করতে গুন্ডা দমন আইন এনেছে। এই সরকারের দমন পীড়ন মূলক কার্যকলাপের বিরুদ্ধে সমস্ত ধরণের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের ডাক দেওয়ার আহ্বান জানানো হয় এদিনের সভামঞ্চ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *