Rob, Birbhum, দুই ব্যক্তিকে গাড়িতে জিম্মি রেখে ব্যবসায়ীর থেকে ১৪ লক্ষ টাকা লুঠের চেষ্টা, ধৃত এক দুষ্কৃতি

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ৩০ মে:পিস্তল দেখিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে ১৪ লক্ষ টাকা হাতানোর চেষ্টা করল দুষ্কৃতীরা। তবে ব্যাঙ্ক কর্মীদের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গেল। ঘটনায় এক দুষ্কৃতীকে ধরে ফেলেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে, ব্যবসায়ী কল্যাণ অধিকারীকে অস্ত্র দেখিয়ে অপহরণ করে একদল দুষ্কৃতী। এসময় তারা ব্যবসায়ীর গলায় থাকা সোনার হার ও হাতের আংটি ছিনিয়ে নেয়। এরপর তারই দুই বন্ধুকে সঙ্গে নিয়ে একটি চার চাকার গাড়িতে করে সকলকে রামপুরহাটে নিয়ে যাওয়া হয়। রামপুরহাটে পৌঁছে দুষ্কৃতীরা কল্যাণ অধিকারীকে একটি ব্যাঙ্ক থেকে ১৪ লক্ষ টাকা তুলে আনতে বলে। তার দুই বন্ধুকে গাড়িতেই আটকে রাখা হয়।

ব্যাঙ্কের ভিতরে ঢুকে কল্যাণবাবু পুরো ঘটনা ব্যাঙ্ক কর্মীদের খুলে বলেন। কর্মীরা তৎক্ষণাৎ তৎপর হয়ে রাস্তায় বেরিয়ে আসতেই দুষ্কৃতীরা পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময় এক দুষ্কৃতী গাড়ি থেকে নেমে থাকায় পালাতে পারেনি। স্থানীয় এক সিভিক ভলান্টিয়ার ধাওয়া করে তাকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। তবে দুষ্কৃতীরা পালানোর সময় ব্যবসায়ীর দুই বন্ধুকে গাড়িতেই অপহরণ করে নিয়ে যায়।

পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং গাড়ির সূত্র ধরে বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। অপহৃত দুই বন্ধুর সন্ধানেও তৎপরতা শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *