আমাদের ভারত, হাওড়া, ৩০ ডিসেম্বর: বৃহস্পতিবার ভোররাতে ব্যাঁটরা থানার অন্তর্গত বেনারস রোডের বেলগাছিয়া অঞ্চলের একটি বেসরকারি সংস্থার এটিএম ভেঙ্গে টাকা লুটের চেষ্টার ঘটনা ঘটে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে পুলিশের টহলদারি চলার সময় এক ব্যক্তিকে এটিএম ভাঙ্গতে দেখতে পান। তখনই পুলিশ ওই ব্যক্তিকে আটক করেন। স্থানীয় এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী জানান, এই ঘটনায় যথেষ্টই আতঙ্কিত তারা। পুলিশ একজনকে আটক করে নিয়ে গিয়েছে।

জানা গিয়েছে, সে ঝাড়খণ্ডের বাসিন্দা। গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে ব্যাঁটরা থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত ব্যক্তিকে। বেশ কয়েক মাস আগে এই এটিএম থেকে পাঁচশ মিটার দূরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভাঙ্গার ঘটনা ঘটে। পুলিশ তাদের ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এমাসের প্রথম সপ্তাহে ডোমজুর এলাকায় এটিএম ভেঙ্গে টাকা লুট করে পালায় দুষ্কৃতিরা। বার বার এটিএম লুটের ঘটনায় প্রশ্নের মুখে এটিএমের নিরাপত্তা।


