স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ ডিসেম্বর: অস্ত্র আইনে গ্রেপ্তার তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের সভাপতি। তাকে গ্রেপ্তার করে কল্যাণী মহকুমা আদালতে পাঠায় হরিণঘাটা থানার পুলিশ। নদিয়ার শান্তিপুর ব্লকের এসসি এসটি ওবিসি সেলের সভাপতি মনোজ সরকারের বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক অভিযোগ জমা পড়ে। শুধুমাত্র অস্ত্র রাখার অভিযোগই নয়, ভোটের আগে এক গর্ভবতী মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে এই মনোজ সরকারের বিরুদ্ধে। এর পাশাপাশি একাধিক খুনের মামলাতেও নাম রয়েছে তৃণমূলের এই নেতার।

জানাগেছে, গতকাল দুপুর বারোটায় বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি মনোজ সরকার। সেই কারণে শান্তিপুর থানায় একটি নিখোঁজের অভিযোগ জানিয়ে মনোজ সরকারের ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা থানার সামনে বিক্ষোভ দেখায়। শুধু তাই নয় গতকাল রাতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা। এদিন এক আইনজীবী মারফত তাদের বাড়িতে খবর যায়, মনোজ সরকারকে অস্ত্র আইনে গ্রেপ্তার করেছে হরিণঘাটা থানার পুলিশ। আজ তাকে কল্যাণী মহাকুমার আদালতে তোলা হয়েছে।
যদিও মনোজ সরকারের পরিবারের সদস্যদের দাবি, কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নয় মনোজ সরকার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। সঠিকভাবে তদন্ত করলে নিশ্চয়ই ছাড়া পাবে।

