আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ৫ মে: পাঁচ বছর আগে তৃণমূল ক্ষমতায় এসে অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। তাদের অত্যাচারে অতিস্ট হয়ে তৃণমূলের পতন কামনা করেছিলেন। মানত করেছিলেন তৃণমূল কোনদিন ক্ষমতাচ্যুত হলে মাথা নাড়িয়ে দণ্ডি কেটে তারাপীঠ মন্দিরে পুজো দেবেন। সেই মানত পূরণ করতে মঙ্গলবার দণ্ডি কেটে তারাপীঠ মন্দিরে গেলেন মিলন দত্ত।
তারাপীঠের রবীন্দ্রপল্লির বাসিন্দা মিলন দত্ত। তিনি প্রকৃতপক্ষে ব্যবসায়ী। ২০২১ সালের নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর বিজেপিকে ভোট দেওয়ার অভিযোগ তুলে মিলনের উপর অত্যাচার হয়। সেইদিনই মিলন শপথ নিয়েছিলেন তৃণমূলের পতন হলে মাথা মুণ্ডন করে দণ্ডি কেটে তারাপীঠ মন্দিরে যাবেন। সেই মতো মঙ্গলবার সকালে তারাপীঠে মুণ্ডমালিনী তলায় মাথা মুণ্ডন করে, দ্বারকা নদীতে স্নান সেরে দণ্ডি কেটে তারাপীঠ মন্দিরে পুজো দেন। এরপর তারাপীঠ মন্দিরে ভোগ নিবেদন করে বিতরণ করেন।
মিলন দত্ত বলেন, “আমি মানত করেছিলাম বাংলায় গেরুয়া এলে মাথা মুণ্ডন করে দণ্ডি কেটে মন্দিরে যাব। সেই মতো সকালে দ্বারকা নদীতে স্নান সেরে, মাথা মুণ্ডন করে তারাপীঠ মন্দিরে পুজো দিলাম। মা তারার কাছে কেউ কোনো মনস্কামনা করলে মা খালি হাতে ফেরান না। কিন্তু কেউ দুর্নীতি করলে তাকেও ছাড়েন না। মা তারা আমার কথা রেখেছেন। তাই মাথা মুণ্ডন করে দণ্ডি কেটে মা তারার পুজো দিলাম।”

