আমাদের ভারত, কলকাতা, ২ ফেব্রুয়ারি: তৃণমূলের সাংগঠনিক নির্বাচন নিয়ে বক্রোক্তি করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। গতকালই তৃণমূলের সাংগঠনিক নির্বাচন নিয়ে ঘোষণা করা হয়েছে দলের সভাপতি পদে যে কেউ মনোনয়নপত্র জমা দিতে পারেন। এই নিয়েই কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী। তৃণমূলে গণতন্ত্র আছে কিনা তাই নিয়ে তিনি সন্দেহ সন্দেহ প্রকাশ করেছেন এবং সেই প্রসঙ্গে তাঁর বিস্ময়, তৃণমূলে আবার সাংগঠনিক নির্বাচন!
বুধবার তিনি টুইটারে লেখেন, “চেয়ারপার্সনঃ
লড়াইয়ের “সুযোগ” তৃণমূলে। তৃণমূলের গণতন্ত্র!সাংগঠনিক নির্বাচন! চেয়ারপার্সন পদে নাকি নির্বাচন হবে! মাননীয়ার নাম ইতিমধ্যেই ঘোষিত যে।
মনোনীত? আরশোলাও যেন পাখি!”
প্রসঙ্গত, সাংগঠনিক নির্বাচনে দলের সভাপতি পদে (চেয়ারপার্সন) প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীদের মনোনয়নের জন্য সময় ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে ঘোষণা করা হয়, বুধবার নির্বাচনের দিন সকাল ১১টা থেকে ১২টার মধ্যে মনোনয়ন জমা দেওয়া যাবে। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করে রিটার্নিং অফিসার হিসাবে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “একাধিক মনোনয়ন জমা পড়লে ভোটগ্রহণ হবে।”

