আমাদের ভারত, কলকাতা, ২ ফেব্রুয়ারি: করোনায় আক্রান্ত হয়ে মৃত শেখর নাথ শ্রীমানীর রোগ নির্ণায়ক ময়নাতদন্ত বুধবার করা হল। তাঁর মরদেহ সংরক্ষিত ছিল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফরেন্সিক বিভাগের মর্গে।
২২ জানুয়ারি মধ্যমগ্রামের বাসিন্দা শেখর নাথ শ্রীমানী উল্টোডাঙ্গার নর্থ সি টি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তাঁর শেষ ইচ্ছানুযায়ী ওঁনার পরিবার মরণোত্তর দেহদানের জন্য ‘গণদর্পণ’-এর সাথে যোগাযোগ করেন। কিন্তু স্বাস্থ্য দফতরের নিয়মানুযায়ী কোভিডে মৃতদেহ দান করা যায় না। তখন গণদর্পণের পক্ষ থেকে মৃতের পরিবারকে শেখর নাথ শ্রীমানীর মরদেহের রোগ নির্ণায়ক ময়নাতদন্তের জন্য আবেদন করতে বলে। পরিবার এই আবেদনে সম্মতি জানান।
আজ ‘গণদর্পণ’-এর পক্ষ থেকে মৃতের পরিবারকে সমবেদনা, পাশাপাশি চিকিৎবিজ্ঞানের গবেষণার স্বার্থে ওঁনার মরদেহ রোগ নির্ণায়ক ময়নাতদন্ত করার অনুমতি দেওয়ার জন্য অভিনন্দন জানানো হয়।

