আমাদের ভারত, কলকাতা, ২ ফেব্রুয়ারি: ‘জনবিরোধী জাতীয় শিক্ষানীতি’-র বিরোধিতা করে বিবৃতি দিল সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (আবুটা)। পাশাপাশি, সংসদে পেশ করা প্রস্তাবিত শিক্ষা বাজেটের সমালোচনা করল আবুটা।
সাধারণ সম্পাদক গৌতম মাইতি জানিয়েছেন, “বর্তমান কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতিতে (২০২০) প্রতিশ্রুতি দিয়েছিল শিক্ষার উন্নয়নের। এই শিক্ষানীতির রূপায়নে জিডিপির ১০ শতাংশ বরাদ্দ করবে। অথচ ২০২২-২০২৩ এর শিক্ষা বাজেটের জন্য যে অর্থ বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে তা জিডিপির ১০ শতাংশের ধারে কাছেও নেই! এমনকি শুধু শিক্ষা সেস থেকে যে অর্থ সরকার সংগ্রহ করেছে, তাও শিক্ষা খাতে বরাদ্দ করেনি। সেই বিপুল পরিমাণ জনগনের করের টাকা অন্য খাতে সরিয়ে ফেলেছে।
অন্যদিকে, যে সামান্য বেশি বরাদ্দ করা হয়েছে তাও সম্পূর্ণভাবে ডিজিটাল মোড়ে শিক্ষার জন্য। আমরা মনে করি, এই বরাদ্দ সাধারণ করদাতা জনগণের শিক্ষার স্বার্থ বিরোধী।
জাতীয় শিক্ষানীতির নীল নকশা অনুসরণ করে, পাবলিক এডুকেশনকে ধ্বংস করে করপোরেট গোষ্ঠীর স্বার্থ রক্ষায় শিক্ষার অবাধ বাণিজ্যিকীকরণের জন্য এই বরাদ্দ। এবং তা অনলাইন ও ডিজিটাল শিক্ষার জন্য। সাধারণের শিক্ষার সুযোগ হরণকারী এই শিক্ষা বাজেটের চরম নিন্দা করছি।”

