পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৮ এপ্রিল: বিধানসভা ভোটের মুখে ভোটারদের প্রভাবিত করতে তৃণমূলের হয়ে এক হাজার টাকা দেবার প্রতিশ্রুতি দিয়ে কুপন বিলির অভিযোগ ঘিরে শোরগোল। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার খাদিমপুর রবীন্দ্র নগর এলাকার ঘটনা। বৃহস্পতিবার মমতার ছবি লাগানো ওই কুপন বিলি করার সময় এক যুবককে হাতে নাতে পাকড়াও করে এলাকার বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। সুমন বিশ্বাস নামে ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। এদিকে এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
তৃণমূলের কো অর্ডিনেটর সুভাষ চাকি বলেন, এই ঘটনার সাথে তৃণমূল কোনও ভাবেই জড়িত নয়।

বিজেপির অভিযোগ, এদিন সকালে শহরের খাদিমপুর রবীন্দ্রনগর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মমতার ছবি লাগানো একটি স্লিপ বিলি করছিলেন সুমন বিশ্বাস নামে ওই যুবক। তফসিলি জাতি ও উপজাতি পরিবারের জন্য দিদির উপহার হিসেবে চলতি বছরের জুন মাস থেকে মাসিক ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা করবার প্রতিশ্রুতিও দিচ্ছিলেন ওই যুবক। সেই ফর্ম দিয়ে প্রত্যেক পরিবারের নাম ও মোবাইল নম্বরও সংগ্রহ করা হচ্ছিল বলেও অভিযোগ। বিষয়টি নজরে আসতেই এলাকার বিজেপি নেতৃত্বরা ওই যুবককে হাতেনাতে পাকড়াও করেন এবং পুলিশকে খবর দিয়ে তুলে দেন তাদের হাতে।
বিজেপি কর্মী প্রসেনঞ্জিৎ সাহা জানিয়েছেন, ভোটারদের প্রভাবিত করতে এমন কাজ করা হচ্ছিল। তারা অভিযুক্ত যুবককে হাতে নাতে পাকড়াও করেন।

স্থানীয় এক মহিলা বলেন, তাদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করছিল ওই যুবক। মমতার ছবি লাগানো একটি ফর্ম দেখিয়ে তাদের বলা হয়েছে জুন মাস থেকে তাদের অ্যাকাউন্টে প্রতিমাসে এক হাজার টাকা করে ঢুকবে।
অভিযুক্ত ওই যুবক অবশ্য বলেন, শহরের জোড়াব্রিজ এলাকায় তাদের অফিস থেকে এই স্লিপগুলি বিলি করে প্রত্যেকের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করতে বলা হয়েছে।

