আমাদের ভারত, মালদা, ৩০ নভেম্বর: অভিযান চালিয়ে মালদার ঘোষপাড়া এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করলো মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ। সোমবার গভীর রাতে ২৫০ গ্রাম ওই ব্রাউন সুগার প্যাকেট বন্দি করে পাচার করার পরিকল্পনা করেছিল অভিযুক্ত ওই ব্যাক্তি। সেই মুহূর্তেই অভিযান চালিয়ে মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মাদক কারবারির নাম নিবারণ ঘোষ। তার বাড়ি ঘোষপাড়া এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৫০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা। এই ব্রাউন সুগারগুলি অভিযুক্ত ব্যক্তি কোথায় পাচার করার পরিকল্পনা নিয়েছিল, সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করেছে মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ।

