জনসভায় অভিষেকের বার্তা নিয়ে পোস্টার জগদ্দলে, উত্তর দিলেন অর্জুন সিং

আমাদের ভারত, ব্যারাকপুর, ৩১ মে: ফের পোস্টার বিতর্ক জগদ্দলে। এবার অভিষেকের সভা নিয়ে জগদ্দল বিধানসভায় পড়ল পোষ্টার। আর এই পোস্টার বিতর্ক ঘিরে ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো।
সোমবার শ্যামনগরে জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, যে সমস্ত তৃণমূলের নেতারা বিজেপিতে চলে গেছিলেন সেই গদ্দাররা বিজেপি থেকে তৃণমূলে ফিরতে চাইছে। তাদের জন্য দরজা বন্ধ। আর ওই সুবিধাবাদীদের কখনও তৃণমূলে নেওয়া হবে না বলেও সভা মঞ্চ থেকে জানিয়েছিলেন। কোনও পুরানো কর্মীর গায়ে হাত পড়লে ছেড়ে কথা বলবো না সেটাও হুঁশিয়ারি দিয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, গত কালের সভা ঘিরে জোর জল্পনা উঠেছিল যে, অর্জুন সিংয়ের পুত্র বিজেপি বিধায়ক এই সভা মঞ্চে এসে তৃণমূলে যোগ দেবেন। কিন্তু সেই রকম কিছুই ঘটেনি। উল্টে অর্জুন সিংকে পাশে বসিয়ে তৃণমূলের দরজা বন্ধের স্লোগান দিয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি গত কাল মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলেন, যারা কয়েক বছর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল তারাই এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তৃণমূলে আসার জন্য। আমি সেই আসার রাস্তা বন্ধ করে রেখেছি। আর সেটা বন্ধ থাকবে।”
আর আজ সকাল হতেই অভিষেকের এহেন বক্তব্য নিয়ে পোস্টার পড়েছে জগদ্দল বিধানসভার নারায়ণপুরে। এই পোস্টার পড়তে ফের সামনে আসছে যে অর্জুন সিংয়ের দলে ফিরে আসাটা নেতৃত্বের সিদ্ধান্ত হিসেবে মেনে নেওয়া হলেও তাদের বাড়বাড়ন্ত সেই ভাবে আর নেতৃত্ব মেনে নেবে না আর বাকি গদ্দারদেরও তৃণমূলে ফিরিয়ে নেওয়া হবে না। এই পোস্টার নিয়ে সাংসদ অর্জুন সিংয়ের বক্তব্য, কারা, কেন পোস্টার লাগিয়েছে তা স্থানীয় বিধায়কই বলতে পারবেন। তবে অভিষেকের সভার পর পোস্টার দেওয়া মানে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হচ্ছে।

তবে এই প্রসঙ্গে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন যে, তৃণমূলের কর্মীদের মনের ক্ষোভ থেকেই হয়ত এই পোস্টার দেওয়া হয়েছে। কারণ তৃণমূল দলের কর্মীরা তো দাঙ্গা, বোমাবাজি, মারপিট করে না মেয়েদের সন্মানহানী করে না। তারা তাদের ক্ষোভ এই ভাবে প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *