ফের ভুয়ো ভ্যাক্সিন কান্ড, রায়গঞ্জে নাম জড়ালো এক মহিলার

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ জানুয়ারি: ভুয়ো মহিলা ভ্যাক্সিন প্রদানকারীর দেওয়া শিশুদের ভ্যাক্সিনেশনকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ালো রায়গঞ্জে। রায়গঞ্জ শহরের বেশ কয়েকজন অভিভাবক রবিবার সর্বাণী সরকার নামে ঐ মহিলার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। যদিও যে সংস্থার হয়ে সর্বাণী দেবী এই ভ্যাক্সিন দিতেন সেই সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, সর্বাণী দেবী তাদের সংস্থার কেউ নন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

উল্লেখ্য, রায়গঞ্জের স্বপ্না বর্মন, সুদীপ্ত চট্টোপাধ্যায়ের মত বেশ কয়েকজনের শিশুকে প্রয়োজনীয় টিকা দিয়েছেন সর্বাণী দেবী। স্বপ্না দেবী বলেন, “২০২০ সালে রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত টিকা গ্রহণ কেন্দ্রে সন্তানের টিকা দিই। পরবর্তীতে সেখান থেকে বলা হয় করোনার কারণে বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে। সেইমতো সর্বাণী সরকার নামে ঐ মহিলা বাড়িতে এসে টিকা দিতে শুরু করেন। বহু টাকা খরচ করে টিকা দেওয়া হলেও ভ্যাক্সিন কার্ডে টিকার কোনো লেবেল দেওয়া হয়নি। ফলে এই টিকা সঠিক না জাল বুঝতে পারছি না। স্বপ্না দেবী আরো বলেন, “মূল টিকা দেওয়ার একমাস পরেই সন্তানকে বুস্টার ডোজ দেওয়া হয়। একবছরের মাথায় আবার বুস্টার ডোজ দেওয়ার কথা বলায় আমাদের সন্দেহ হয়। চিকিৎসকের সাথে যোগাযোগ করি। তিনি বলেন বুস্টার ডোজের কোনো প্রয়োজন নেই।” এরপরেই রায়গঞ্জ থানায় ঐ মহিলা ভ্যাক্সিন প্রদানকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করি।

সুদীপ্ত চট্টোপাধ্যায় নামে অপর এক অভিভাবক বলেন, “আমারো একই অভিজ্ঞতা। আজ সকালে কিছু লোক স্বপ্না দেবীর বাড়িতে গিয়ে মীমাংসার জন্য টাকার অফার করেন। কিন্তু আমরা তাতে রাজি না হয়ে আইনের দ্বারস্থ হয়েছি।

অন্যদিকে রায়গঞ্জের টিকা প্রদানকারী ঐ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য তন্ময় সাহা বলেন, “সর্বাণী সরকার বলে আমাদের সংস্থায় কেউ নেই। আমাদের সংস্থার বদনাম করতেই এই অভিযোগ। আমাদের সংস্থা থেকে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাক্সিন দেওয়া হয় না। আমরা চাই আইন আইনের পথে চলুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *