আমাদের ভারত, মালদা, ২০ সেপ্টেম্বর: ফের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু মৃত্যু। গত পাঁচদিনে আটজন শিশুর মৃত্যে হয়েছে। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে এখনও ৭৪ জন শিশু ভর্তি রয়েছে। স্বাভাবিক ভাবে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ শিশু মৃত্যু নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে।
জানাগেছে, রক্ত সংকট নিয়ে চলতি মাসের ১৩তারিখ শিশুটিকে ভর্তি করা হয়েছিল। শিশুটির বাড়ি বৈষ্ণবনগর থানার চক বাহাদুরপুরে। মালদা মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে তাকে ভর্তি করা হয়েছিল। শিশুটির রক্তে ইনফেকশন ছিল বলে জানিয়েছেন চিকিৎসক। রবিবার রাতে তার মৃত্যু হয়।
মেডিক্যাল কলেজের সহকারী অধ্যক্ষ প্রিন্সিপাল পরঞ্জয় সাহা বলেন, ওই শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়েছিল। চিকিৎসক চেষ্টা করেছিলেন। কিন্তু বাঁচানো যায়নি। পাশাপাশি যারা অসুস্থ হয়ে আসছে তাদের চিকিৎসা চলছে, সিংহভাগই সুস্থতার পথে। অনেককে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। অসুস্থ শিশুদের রক্তের নমুনা থেকে সোয়াপে’র নমুনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। মোট ৭৪জন শিশু ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৮ জনের অবস্থা ক্রিটিক্যল রয়েছে। আরও ২৪ জন শিশু নতুন করে ভর্তি হয়েছে।

