স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২০ সেপ্টেম্বর: রায়গঞ্জে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। সোমবার সকালে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয়ে বছর ৪৮ এর এক ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে রীতিমত আতঙ্ক ছড়ায়।
পরিবহন কর্মী ও যাত্রীরা জানান, রবিবার সন্ধ্যে থেকেই ওই ব্যক্তিকে যাত্রী প্রতিক্ষালয়ে শুয়ে থাকতে দেখা গিয়েছিল। কিন্তু সে যে মৃত তখন বিষয়টি বোঝা যায়নি। সোমবার সকালে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবহন কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মৃতদেহের পাশ থেকে হাসপাতালের আউটডোরের প্রেসক্রিপশন ও কিছু ওষুধ উদ্ধার হয়েছে। প্রেসক্রিপশন থেকে তার হালদার পদবী বোঝা যাচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

