স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২০ সেপ্টেম্বর: বাড়ি থেকে কিছুটা দূরে দুষ্কৃতিদের গুলিতে আহত এক ব্যক্তি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার অন্তর্গত পাঞ্জিপাড়া সাতভিটা এলাকায়। আহত ওই ব্যক্তির নাম আব্দুল গনি। বাড়ি গোয়ালপোখর থানার সাতভিটা এলাকায়।
জানাগেছে, রবিবার রাতে পাঞ্জিপাড়া বাজার থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে দুইজন দুষ্কৃতী বাইকে করে পিছন থেকে গুলি করে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে তিনি ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আব্দুল গনি বলেন, কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। তার বাঁ কাঁধে গুলি লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। পরিবারের তরফ থেকে পাঞ্জিপাড়া ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।

