রাজেন রায়, কলকাতা, ২৭ নভেম্বর: বিধানসভার মধুচন্দ্রিমা শেষ। দেয়ালে পিঠ থেকে একবারে অস্তিত্ব হারিয়ে যাওয়ায় এবার কলকাতা পুরসভায় মুখোমুখি লড়াইয়ে বাম কংগ্রেস। বিধানসভা নির্বাচনে জোট তৈরি করেও ভালো ফল করতে পারেনি কংগ্রেস বা বাম শিবির। এবার পুরভোটে তাই একাধিক আসনে মুখোমুখি লড়াই হতে পারে বলে মনে করা হচ্ছে।
বামেরা প্রার্থী তালিকা প্রকাশ করেছে আগেই। বেশির ভাগ আসনে তারা নিজেদের শক্তি পরীক্ষা করতে চায় বলেই জানিয়েছে। সূত্রের খবর, ১১০-১২০ টি আসনে প্রার্থী দিতে পারে কংগ্রেসও। এ দিকে ১৭ টি আসন ছেড়ে প্রতিটি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে বামেরা। তাই পুরভোটে বেশির ভাগ আসনেই বাম ও কংগ্রেস মুখোমুখি লড়াই হবে বলে বলে মনে করা হচ্ছে। পুরভোটের প্রার্থী বাছাইয়ের জন্য একটি কমিটি তৈরি করেছে কংগ্রেস, যার চেয়ারম্যান নেপাল মাহাতো। আজ সেই কমিটির বৈঠক চলছে। জানা যাচ্ছে, বেশির ভাগ আসনেই বামেদের মতোই শক্তি পরীক্ষা করতে চায় কংগ্রেসও।
অধীর চৌধুরী আগেই জানিয়েছেন, কারও দয়া- দাক্ষিণ্যে জোটের পথে যাবেন না তাঁরা। তিনি বলেছিলেন, আমাদের স্বাধীন ভাবনা আছে, স্বাধীন চিন্তা আছে। আমাদের যেখানে জেতার ক্ষমতা আছে, সেখানে প্রার্থী দেব। অন্যদিকে, ১৭ টি আসন অন্য দলকে সমর্থন করার জন্য ছেড়ে দেওয়া হলেও কংগ্রেসের নাম নেয়নি বাম। জোটের কথাও বলেনি তারা। বামেদের দাবি, ওই আসনগুলিতে বামেদের ফল ভালো করার সম্ভাবনা নেই, তাই সেখানে প্রার্থী দেওয়া হচ্ছে না। তবেই সম্পূর্ণ একা লড়াই করলে দলীয় কর্মীদের মনোবল বাড়বে এমনটাই আশা বাম শিবিরের।

