বাজির ফাটানোর প্রতিবাদ করায় হাঁসখালিতে হাঁসুয়ার কোপে বৃদ্ধকে খুন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৮ নভেম্বর: বাজি ফাটানোর শব্দে শিশুরা ভয়ে কাঁদছে। আর তারই প্রতিবাদ করতে গিয়ে খুন হলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার হাঁসখালি থানার ছোট চুপরি এলাকার। মৃত ব্যাক্তির নাম সুভাষ বিশ্বাস। বয়স ৭৮ বছর। তার বাড়ির সামনে, ওই দিন আনুমানিক দশটা নাগাদ বাজি ফাটাচ্ছিল প্রতিবেশী বেশ কয়েকজন ব্যক্তি।

অভিযোগ, সেই সময় বাজির শব্দে তার বাড়ির ছোটো বাচ্চারা ভয়ে কান্নাকাটি করছিল। তাই সুভাষ বিশ্বাস তাদের বাজি ফাটাতে নিষেধ করেন। তখন অভিযুক্তরা সুভাষ বিশ্বাসকে বাড়ির মন্দিরের সামনে টেনে নিয়ে গিয়ে মারধর করে এবং হাঁসুয়া দিয়ে মাথায় এবং শরীরে এলোপাথাড়ি কোপায়। পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদেরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতাল এবং পরবর্তীতে নীলরতন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত শনিবার তার মৃত্যু হয় বলে জানা যায়। রবিবার তার মৃতদেহ বাড়িতে এলে শোকে ভেঙে পড়ে গোটা এলাকার মানুষ।

এই ঘটনায় অভিযোগ দায়ের করার পরেও এখনও অভিযুক্তরা অধরা। এলাকার সাধারণ মানুষ প্রশাসনের ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন। অভিযুক্ত একজন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি।

এ বিষয়ে হাঁসখালি ব্লকের ব্লক প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, দল এ বিষয়ে কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত গ্রহণ করছে এবং তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত আগেও একাধিক মামলায় অভিযুক্ত। এ ঘটনায় প্রশাসন এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *