পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৭ জানুয়ারি: শুক্রবার দুপুরে বালুরঘাট শহরের নিউ মার্কেট এলাকার একটি লিফটের গর্ত থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সুত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম নারায়ণ পোদ্দার(৬০)। শহরের নামাবঙ্গী এলাকার বাসিন্দা ওই ব্যক্তি পেশায় সোনার দোকানের কর্মী ছিলেন। শুক্রবার দুপুরে ওই ব্যক্তিকে নিউমার্কেট এলাকার একটি আবাসনের লিফটের গর্তে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

কিভাবে দুপুরে লিফটের ওই গর্তে ওই বৃদ্ধ পড়ে গেলেন তা নিয়ে ধন্দে রয়েছেন এলাকার লোকজনরাও। তবে এখনও ওই বৃদ্ধের পরিবারের তরফে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
যদিও বৃদ্ধের ছেলে দিলীপ পোদ্দার জানান, দুপুরে দোকানের কাজের জন্য তার বাবা ওই আবাসনের উপরে উঠেছিল। সেই সময়ে কোনোভাবে তিনি পড়ে মারা যান। ওই বৃদ্ধকে কেউ সেখানে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে কি না তা নিয়ে ইতিমধ্যেই বালুরঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

