স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ জুন: বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং সুভাষ সরকার সহ ৮ জনের বিরুদ্ধে চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ দায়ের হয়। কল্যাণী থানায় অভিযোগ দায়ের করে সিআইডি। এটি তৃণমূলের চক্রান্ত, প্রতিক্রিয়া সাংসদ জগন্নাথ সরকারের।

বেশ কয়েক মাস ধরে কল্যাণীর এইমস হাসপাতালের সামনে চাকরির দাবিতে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা। কয়েকদিন আগেই চাকরি নিয়ে স্বজনপোষণের অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে। জানা যায়, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তার পুত্রবধূকে তিনি চাকরি দিয়েছেন। এবার সিআইডির তরফ থেকে কল্যাণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলো। যেখানে নাম রয়েছে বিজেপির দুই সাংসদ জগন্নাথ সরকার এবং সুভাষ সরকার সহ মোট আট জনের। অভিযোগ চাকরির ক্ষেত্রে দুর্নীতি ও স্বজনপোষণ করে নিয়োগ করা হয়েছে এইমস হাসপাতালে।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, এ রাজ্যে খুন হলে ধর্ষণ হলে কোনো অভিযোগ দায়ের হয় না। এটি মূলত সরকারের একটি চক্রান্ত। যেহেতু তৃণমূলের অধিকাংশ নেতা নেত্রীরা দুর্নীতিতে যুক্ত সেই কারণে তারা চাইছে মিথ্যা একটি অভিযোগ তুলে বিজেপিকে কালিমালিপ্ত করতে। চাকরির ক্ষেত্রে কোনো দুর্নীতি করা হয়নি। নির্দিষ্ট নিয়ম মেনেই তারা চাকরি পেয়েছে। এ বিষয়ে সিআইডি ডাকলে অবশ্যই আমি সহযোগিতা করবো।


