আমাদের ভারত, ২১ ফেব্রুয়ারি: সিএএ নিয়ে বড় দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একটি জাতীয় স্তরের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সিএএ আইন থেকে পিছু হটার কোনো প্রশ্নই ওঠে না। করোনা থেকে মুক্তির পরই আইন বলবৎ করতে উদ্যোগ নেবে কেন্দ্রীয় সরকার।
নাগরিকত্ব আইন নিয়ে বিতর্কের শেষ নেই। প্রথম থেকেই এই আইনের বিরুদ্ধে বিভিন্ন মহল প্রশ্ন তুলেছে। কিন্তু কেন্দ্র পাল্টা বলেছে, এই আইন কখনই নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, বরং নাগরিকত্ব দেওয়ার আইন। যদিও বিতর্ক এখানে থেমে থাকেনি। তার মধ্যেই এই নিয়ে স্পষ্ট মত প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের বিভিন্ন অংশে যেমন সিএএ বিরোধী আন্দোলন হয়েছে তেমন অপর পক্ষের এক বিশাল সংখ্যক মানুষ সিএএ- এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার পক্ষেও সাওয়াল করেছেন। সাময়িকভাবে সিএএ ইস্যু কিছু থমকে ছিল। অমিত শাহ বলেছেন, “করোনার কারণে বিষয়টি একটু থমকে আছে। রোগের প্রকোপ কমলেই পদক্ষেপ করবে সরকার।”
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক দিন আগে সিএএ লাগু করা নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বনগাঁয় পুরভোটের প্রচারে গিয়ে বলেছিলেন, “প্রয়োজন পড়লে রাজ্য সরকারকে বাদ দিয়েই লাগু হবে সিএএ, কারণ রাজ্য সরকার এই বিষয়ে কোনোরকম সহযোগিতা করছে না।” তাঁর কথায়, “সিএএ আমরা লাগু করবই। আজ না হোক কাল সিএএ লাগু হবেই। সর্বোচ্চস্তরে এই নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে।” সুকান্ত মজুমদারের কথায়,
সিএএ লাগুর জন্য আমাদের ভিন্ন পথের কথা ভাবা হচ্ছে। সংবিধানে এমন অনেক আইন খুঁজে বের করতে হবে যার মাধ্যমে এটা করা সম্ভব। স্বরাষ্ট্র দফতরের সচিবরা রয়েছেন যারা সিএএ লাগুর পরিপূরক পথের কথা ভাবছেন।

