সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২১ ফেব্রুয়ারি: চলচ্চিত্র অভিনেত্রী ও সাংসদ শতাব্দী রায়ের রোড শো সে রকম প্রভাব ফেলতে পারলো না জনমানসে।নিরুত্তাপ ও জৌলুষহীন রোড শো দেখে হতবাক শুধু সাধারণ মানুষই নয় দলের নীচুতলার কর্মীরাও হতবাক। তারা একান্তে কেউ কেউ কোনও রকম রাখঢাক না করেই খোলামেলা আলোচনা করছেন, কেউ উপরতলার নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। যদিও জেলা নেতৃত্ব কোভিড পরিস্থিতির জন্য লোকসমাগম করা হয়নি বলে সাফাই গাইছেন।
আজ সকাল দশটা নাগাদ হিন্দু স্কুল থেকে শুরু হয় রোড শো। অভিনেত্রী সাংসদ শতাব্দী হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে রাস্তার পাশে দাঁড়ানো জনতার উদ্দেশ্য হাত নেড়ে, কখনও হাতজোড় করে তৃণমূল প্রার্থীদের সমর্থনের আবেদন জানান। রোড শোয়ের সামনের সারিতে হাজির ছিলেন মন্ত্রী শ্যামল সাঁতরা, বিদায়ী চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত, জেলার অন্যতম সম্পাদক জয় চ্যটার্জি, প্রাক্তন বিধায়ক শম্পা দরিপা প্রমুখ।

জেলাপরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী আগাগোড়াই শতাব্দীর সঙ্গী ছিলেন। আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে সাংসদ-অভিনেত্রী শতাব্দী কি বার্তা দেন তা জানার জন্য কিছু উৎসাহী মানুষ ও উদগ্ৰীব ছিলেন। কিন্তু তাদের হতাশ করেন।অভিনেত্রী। অনেকেই মনে করছেন পরিস্হিতি দেখেই হয়তো শতাব্দী মৌন রইলেন।
এপ্রসঙ্গে তৃণমূলের অন্যতম সম্পাদক জয় চ্যটার্জি বলেন, কোভিড পরিস্থিতির কারণে আমরা কোনো বড় মিছিল করিনি, কেননা নির্বাচন কমিশন সর্বোচ্চ ৫০০ লোক নিয়ে মিছিলের পারমিশন দিয়ছে। সেকথা মাথায় রেখেই আমরা মিছিলের আয়োজন করি।ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারেও আমরা কম লোক নিয়ে মিছিল, প্রচার করছি।ভোট শান্তিপূর্ণ হোক, মানুষ নির্ভয়ে ভোট দিক এটাই আমাদের লক্ষ্য। ২ তারিখের পর আমাদের
কাউন্সিলররা মানুষের দূ্য়ারে পৌছে যাবেন তাদের পরিষেবা দেওয়ার জন্য।

