কার্টুন-কাণ্ডের এক দশক পূর্ণ! দুই প্রধান বিচারপতিকে চিঠি পাঠালেন অম্বিকেশ মহাপাত্র

আমাদের ভারত, ২২ এপ্রিল: ভারতের প্রধান বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি উভয়কেই শুক্রবার চিঠি পাঠালেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র।

সাড়া জাগানো কার্টুন-কাণ্ডের এক দশক পূর্ণ হল। আইনী জট ছাড়াতে এবার উদ্যোগী হচ্ছেন তিনি। এদিন তিনি এই প্রতিবেদককে বলেন, “ই-মেইল যুক্ত করে দুই প্রধান বিচারপতিকে আলাদা আলাদা চিঠি পাঠালাম।”

চিঠিতে অম্বিকেশবাবু লিখেছেন, ১) আলিপুর ক্রিমিনাল কোর্টে গত দশ বছর ধরে মামলা চলছে সুপ্রিম কোর্টের বাতিল মামলায়। কোর্ট কোনোভাবেই মামলার নিষ্পত্তি করছেন না। ২) সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর ডিভিশন বেঞ্চে চলা মামলা ৭ বছরেও নিষ্পত্তি হয়নি।
দুটো মামলা দ্রুত নিষ্পত্তি করা হোক। ‘বিচারের দীর্ঘসূত্রিতায় বঞ্চিত হন বিচার প্রার্থীরা’—এর চক্কর থেকে বিচার-ব্যবস্থা বেরিয়ে আসুক। এই আবেদন দু’ক্ষেত্রে করা হয়েছে।

কার্টুন কাণ্ডের দশ বছর পূর্তিতে ‘আক্রান্ত আমরা’-র উদ্যোগে প্রকাশিত হয়েছে পুস্তিকা- ‘অম্বিকেশ মহাপাত্র অ-বিচারের দশটি বছর’। সম্প্রতি এর মলাট উন্মোচন করেছেন মাননীয় অশোক কুমার গাঙ্গুলি। সম্পাদনা: সৌমিত্র লাহিড়ী, প্রকাশক: একুশ শতক (১৫ শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা ৭৩)
পুস্তিকায় যাঁরা লিখেছেন: তরুণ মজুমদার, অশোক কুমার গাঙ্গুলি, অর্ধেন্দু সেন, সুকান্ত চৌধুরী, পরঞ্জয় গুহ ঠাকুরতা, মালিনী ভট্টাচার্য, পবিত্র সরকার, রতন খাসনবিশ, দেবেশ দাস, সৌমিত্র লাহিড়ী, রজত বন্দ্যোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, বিমল চক্রবর্তী, মন্দাক্রান্তা সেন, অরুণাচল দত্ত চৌধুরী প্রমুখ। মুদ্রিত বিনিময় মূল্য ১৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *