সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ এপ্রিল: দীর্ঘ দিন ধরে বৌদি ও তাদের ছেলে মেয়েদের উপরে অত্যাচার, মারধর। প্রতিবাদ করায় বোনকে মেরে মাথা ফাটালো দাদা। ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন বাবা মা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ন’হাটা ইসলামপুর এলাকার। অভিযুক্ত ছেলে প্রভাস সরকার পলাতক। আহত প্রতিমা সরকার এখন বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন।
বাবা মায়ের অভিযোগ, ছেলে প্রভাস সরকার প্রতিদিনি তার স্ত্রীর উপরে নির্যাতন করে। তার স্ত্রী ও দুই ছেলে মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এই ঘটনার প্রতিবাদ করে প্রভাসের পরিবার। বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে গালাগালি করতে থাকে প্রভাস। বোন প্রতিমা সরকার প্রতিবাদ করতে গেলে তার উপরে চড়াও হয়ে মারধর শুরু করে। কাঁচের বোতল দিয়ে মাথা ফাটিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় বোন প্রতিমা সরকারকে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে মা বাবার উপরে অত্যাচার চালাত প্রভাস। মা অঞ্জলী সরকার গোপালনগর থানায় ছেলে প্রভাস সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।

অঞ্জলীদেবীর দাবি, দীর্ঘ দিন ধরে তাদের বৌমা ও দুটি ছোট ছোট নাতি নাতনির উপর অত্যাচার চালাচ্ছে ছেলে প্রভাস। সম্প্রতি বাবা মা প্রতিবাদ করতে গেলে তাদের ধরে মারধর করে বলে অভিযোগ। এদিন তাদের ছোট মেয়ে প্রতিবাদ করতে গেলে তাকে ধরে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়। আশঙ্কা জনক অবস্থায় বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ছেলের শাস্তির দাবি তুলে গোপালনগর থানায় অভিযোগ জানায় মা ও বাবা।
বাবা প্রফুল্ল সরকার বলেন, দীর্ঘ দিন ধরে ছেলের অত্যাচার সহ্য করেছি। আজ নিরুপায় হয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ জানাতে বাধ্য হলাম। প্রভাস মাঝে মাঝেই তৃণমূল নেতার পরিচয় দিয়ে আমাদের মারধর করত। থানা পুলিশ নাকি তার কথায় চলে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

