আমাদের ভারত, ১৭ জুন: রাজ্যের নতুন বিজেপি সরকার যেমন সাধারণ জনতার নিরাপত্তা নিশ্চিত করবে তেমনি নিশ্চিত করবে পুলিশের সুরক্ষা। বুধবার এ কথা স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর সরকারের আমলে পুলিশ কর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না। পুলিশ কর্মীদের গা থেকে রক্ত বেরতে দেবে না বিজেপি সরকার। একই সঙ্গে পুলিশ বাহিনীতে আরো নিয়োগের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে।
রাজ্য পুলিশের দক্ষতা এবং পরিকাঠামো গত উন্নয়নের লক্ষ্যে বুধবার এক নতুন পদক্ষেপ করেন শুভেন্দু অধিকারী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রীয় রক্ষা বিদ্যালয়ের সঙ্গে মৌ স্বাক্ষর করে পশ্চিমবঙ্গ পুলিশ। সেই কর্মসূচি থেকে রাজ্যের পুলিশ বাহিনীর দক্ষতা এবং পরিকাঠামোগত উন্নয়নের বার্তা দেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশকে যে এককালে স্কটল্যান্ড-এর ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো তাও মনে করিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ পুলিশের দক্ষতা একসময় অনেক ভালো জায়গায় ছিল, ভালো উচ্চতায় ছিল। কলকাতা পুলিশকে আন্তর্জাতিক স্তরের অনেক পুলিশ দপ্তরের সঙ্গে তুলনা পর্যন্ত করা হতো। তবে বিগত সরকার পুলিশের দক্ষতা কাজে লাগায়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
পূর্বতন সরকারের আমলে গোলমাল ঠেকাতে গিয়ে বারবার পুলিশ কর্মীরা আক্রান্ত হয়েছেন। ২০১৩ সালে গার্ডেনরিচের এক কলেজে ছাত্র ভোটের দিন গোলমাল আটকাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন এক পুলিশ কর্মী। তার পরের বছর ২০১৪ সালে আলিপুর থানায় তৃণমূল কর্মী সমর্থকদের তাণ্ডব থেকে বাঁচতে টেবিলের তলায় ঢুকতে হয়েছিল পুলিশ কর্মীদের। পরপর এই ঘটে যাওয়া ঘটনা গুলি নিয়ে আলোচনাও কম হয়নি। কলকাতার বাইরে বিভিন্ন জেলাতেও গোলমাল ঠেকাতে গিয়ে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা বারবার ঘটেছে।
তবে নতুন সরকারের জমানায় সেই ছবি বদলাবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, আমাদের পুলিশ কর্মীরা কেউ আহত হয়ে হাসপাতালে যাবে না। আমাদের পুলিশ কর্মীদের গা থেকে রক্ত বেরবে না। আমরা সেই ভাবে সুরক্ষিত পুলিশ বাহিনী তৈরি করব। জনগণের নিরাপত্তা, পুলিশের নিরাপত্তা এবং তাকে সুরক্ষিত রাখা উভয়ই এই সরকারের দায়িত্ব এবং সেটা আমরা করব।
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই প্রথম জেলা সফরে গিয়ে স্পষ্ট করে দিয়েছিলেন যে, অপরাধীদের কাছে পুলিশ মার খাবে তা কোনভাবেই বরদাস্ত করা হবে না। বুধবার তা নিয়ে আরো নির্দিষ্ট বার্তা দেন তিনি। একই সঙ্গে বুঝিয়ে দেন, রাজ্যের পুলিশ বাহিনীর দক্ষতা এবং পরিকাঠামগত উন্নয়নেও বদ্ধপরিকর নতুন সরকার। কেন্দ্রীয় পুলিশ বাহিনীর ওপর যাতে রাজ্যের পুলিশকে নির্ভর করে থাকতে না হয়, বাহিনী যাতে স্বনির্ভর হয়, তা নিশ্চিত করতে চান মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যেই রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের মৌ স্বাক্ষর করা হলো বলে জানিয়েছেন তিনি।
তৃণমূল সরকারের বিরুদ্ধে বাহিনীকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ করেছেন তিনি। তাঁর বক্তব্য, রাজ্যের পুলিশে প্রয়োজনীয় দক্ষতা থাকলেও তাদের উপযুক্ত ভাবে তৈরি করা হয়নি। বাহিনীর আত্মরক্ষার জন্য আধুনিক সামগ্রী দেওয়া হয়নি। পুলিশ কর্মীর সংখ্যা বৃদ্ধির দিকেও নজর দেওয়া হয়নি।
মুখ্যমন্ত্রী বলেন, এসব কারণে সাধারণ মানুষের আশা প্রত্যাশা থেকে দূরে সরে গিয়েছে বাহিনী। বুধবার মৌ স্বাক্ষরের ফলে বাহিনীকে আবার দক্ষ এবং উন্নত করে তোলা যাবে বলে মনে করছেন তিনি। একই সঙ্গে বাহিনীতে আরো নিয়োগেরও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও যে ১৬ হাজার কনস্টেবল প্রশিক্ষণ নিয়ে বসে আছে তাদের কাজে লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করবে সরকার বলেও জানান তিনি।

