আমাদের ভারত, ২৯ জুলাই: ১ আগস্ট থেকে ইসকন কলকাতার সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল খাওয়ানো শুরু করবে। রাজ্য সরকারের কাছ থেকে বরাত পাওয়ার পর আগামী মাস থেকেই এই পরিষেবা শুরু করতে চলেছে তারা। কিন্তু তাদের খাবারে ডিম পাবে না শিশুরা বদলে নিরামিষ আহার দেওয়া হবে তাদের। আর তা নিয়ে বিতর্কে ঝড় উঠেছিল। অভিযোগ উঠেছিল পড়ুয়াদের প্রোটিন থেকে বঞ্চিত করা হচ্ছে। এবার সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, মিড ডে মিলে আলাদা করে ডিম দেওয়া হবে সমস্ত সরকারি স্কুলের পড়ুয়াদের। তিনি বলেন, ১ আগস্ট থেকে নিরামিষ সাত্বিক আহার দেবে ইসকন। তবে ইসকনের খাবার ছাড়াও স্কুলগুলিতে মিড ডে মিলে আলাদা করে ডিম দেওয়া হবে পড়ুয়াদের। ডিম রান্নার জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলোকে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ইসকনের নিরামিষ খাবারের পাশাপাশি ডিমও পাবে ছাত্র- ছাত্রীরা।
কলকাতার সমস্ত সরকারি স্কুলের পড়ুয়াদের মিড ডে মিল রাঁধার দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। তারপর রথযাত্রার দিন মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেন, এই দায়িত্ব ইসকন পালন করবে গোটা রাজ্যেই। প্রাথমিকভাবে এই মর্মে রাজ্য সরকারের সঙ্গে তাদের চুক্তি হয়ে গেছে বলেও জানান তিনি। শুভেন্দু অধিকারী বলেছিলেন, মিড ডে মিল স্কুলে খাওয়াবে, এই মর্মে সরকারের সঙ্গে তাদের প্রাথমিক চুক্তি হয়েছে। ১ আগস্ট থেকে কলকাতায় চালু করছি, তারপর নদিয়া, তারপর রাজ্যের অন্যান্য জায়গায় করব। সাধারণ ঘরের ছেলেমেয়েদের মিড মিলে পৌষ্টিক আহার ইসকন দেবে।
বর্তমানে স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্ত স্কুলগুলিতে প্রতি সপ্তাহের মিড ডে মিলে ডিম দেওয়া হয়। মাংস দেওয়া হয় মাসে কখনো কখনো। এদিকে ইসকনের রান্নাঘরে তৈরি হয় সম্পূর্ণ নিরামিষ আহার। মেনুতে থাকবে ভাত, ডাল, সমস্ত রকমের পুষ্টিকর সবজি, সয়াবিন, পনির, রাজমা। প্রত্যেক দিনের প্রোটিন এবং ভিটামিনের মাত্রা বজায় রেখেই মেনু ঠিক করা হবে বলে ইসকন জানিয়েছে। ডায়েটেশিয়ানকে দিয়ে মিড ডে মিলের মেনু ঠিক করা হবে, যাতে খুঁটিয়ে দেখা হবে প্রোটিনের মাত্রা। প্রতিদিন স্বাদ অনুযায়ী মেনু বদল করা হবে। খিচুড়িও দেওয়া হবে কখনো কখনো, তাতেও পনির মেশানো থাকবে।
কিন্তু প্রোটিন হিসেবে ডিম পাতে পড়বে না কেন? তা নিয়ে অনেকেই সরব হয়েছিলেন। বিরোধী রাজনৈতিক দলগুলো সোচ্চার হয়েছিল। তারা বলেছিল বাচ্চারা ডিম খেতে ভালোবাসে, ডিম না থাকলে পর্যাপ্ত প্রোটিন থেকে শিশুরা বঞ্চিত হবে। মিড ডে মিলে ডিম দেওয়ার জন্যই ড্রপ আউট কমেছে। এমন নানা যুক্তিও তারা খাড়া করেছিলেন। তবে সব বিতর্কের অবসান ঘটিয়ে এবার ইসকনের খাবারের পাশাপাশি মিড ডে মিলে শিশুরা ডিম পাবে। ইসকনের খাবারের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ডিম দেওয়ার কথা ঘোষণা করে বড় চমক দিলেন শুভেন্দু অধিকারী।

