ডেবরাতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ এপ্রিল: ফের ধর্ষণের অভিযোগ পশ্চিম মেদিনীপুরে। দিনকয়েক আগে, পিংলায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে। এবার নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পিংলার পাশের ব্লক ডেবরাতে। যদিও, নির্যাতিতা নাবালিকার বাড়ি পিংলা এলাকাতেই। দশম শ্রেণির ওই ছাত্রী থাকত ডেবরা ব্লকের ৪ নং খানামোহান অঞ্চলের একটি গ্রামে তার মামাবাড়িতে। সেখানে থেকেই সে পড়াশোনা করতো।

অভিযোগ, রবিবার বিকেলে মামার বাড়ির লোকজনদের অনুপস্থিতিতে ঘরে ঢুকে ওই নাবালিকাকে ধর্ষণ করে এলাকারই এক যুবক। অভিযুক্ত যুবকের নাম মঙ্গল মান্ডি। মেয়েটির দিদিমার অভিযোগ, বিকেলে কাজ থেকে ফিরে বাড়িতে ঢুকে দেখি নাতনি রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। ঘটনা জানতে পেরে এলাকায় পৌঁছায় ডেবরা থানার পুলিশ আধিকারিকরা। নাবালিকার দিদিমা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন। তবে, অভিযুক্ত যুবক পলাতক। পুলিশ তার সন্ধান চালাচ্ছে।

আজ পুলিশের পক্ষ থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে  নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *