দিঘার হোটেলে আত্মঘাতী ডানকুনির এক পর্যটক

জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৮ এপ্রিল: নিউ দিঘার একটি হোটেলে আত্মঘাতী হয়েছেন রাম উপাধ্যায় (৪৩) নামে এক পর্যটক। হুগলির ডানকুনি থানার গোকুলধাম দিল্লি রোডের বাসিন্দা ছিলেন তিনি। রবিবার বিকেলে মালা ঘোষ নামে এক মহিলার সঙ্গে দিঘার একটি হোটেলে ওঠেন তিনি। রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সোমবার দুপুর নাগাদ হোটেলের লোকজন উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমে দিঘা থানার পুলিশ আটক করেছে মৃতের সঙ্গী মালাকে।

উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতের ন’পাড়ার বাসিন্দা তিনি। বিবাহিত হলেও রামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। মহিলা জানান, রাতে মদ খেয়ে রাম তাঁর সঙ্গে অশান্তি করেন। মারধরও করেন তাঁকে। তখন তিনি রাগে বেলকনিতে চলে যান। সেই ফাঁকে গলায় ফাঁস লাগান রাম। ঘটনার তদন্ত শুরু হয়েছে, মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন দিঘা থানার ওসি বুদ্ধদেব মাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *