সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৮ সেপ্টেম্বর: ব্যাঙ্ক কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে খোয়া গেল এক বৃদ্ধের বাড়ি বিক্রির কয়েক লক্ষ টাকা, এমনই অভিযোগ তুলে বনগাঁ থানায় ব্যাঙ্কের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বনগাঁর পুরনো চাকদা বাসস্ট্যান্ডে এলাকার।
স্থানীয় সূত্রের খবর, বনগাঁর পুরনো চাকদা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা শ্যামসুন্দর কুন্ডু নিজের বাড়ি বিক্রি করবার জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। আগস্ট মাসের শেষ দিকে দুই ব্যক্তি বাড়ি কেনার জন্য দেখতে আসেন। তাদের সঙ্গে কথাবার্তা হওয়ার পরে বাড়ি বিক্রির জন্য আগ্রহ দেখায় তারা। সেই মতন আগাম তিন লক্ষ টাকার একটি চেক দেয় শ্যামসুন্দর বাবুকে। আরও টাকা দেওয়ার জন্য শ্যামসুন্দর বাবুর ক্যানসেল চেক তারা চেয়ে নেয়। কিন্তু ব্ল্যাংক চেকে তারা নিজেরা তাদের পেন দিয়ে ক্যানসেল লিখেছিল। তার দু এক দিন পরেই শ্যামসুন্দরবাবুর বনগাঁ স্টেট ব্যাংকের ক্যানসেল চেক থেকে দু- লক্ষ আশি হাজার টাকার তোলার মেসেজ আসে।
তারপরেই নড়েচড়ে বসে কুন্ডু পরিবার। বনগাঁ স্টেট ব্যাংকের সঙ্গে কুন্ডু পরিবার যোগাযোগ করলে ব্যাংক থেকে তাদের সঙ্গে অসহযোগিতা করা হয় বলে দাবি তুলেছে পরিবারের পক্ষ থেক । পরবর্তীতে শ্যামসুন্দর কুন্ডু বনগাঁ থানার দ্বারস্থ হন এবং শ্যামসুন্দর কুন্ডুর পক্ষ থেকে জবাব চেয়ে বনগাঁ স্টেট ব্যাংকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তাঁর আইনজীবী দীপাঞ্জয় দত্ত।
এই বিষয়ে শ্যামসুন্দর কুন্ডু দাবি করেন, এই ঘটনায় ব্যাংকের গাফিলতি রয়েছে । আমার সাক্ষরে আমি “শ্রী” লিখি সেটা তারা জানলো কি করে? এত টাকার চেক ক্যাশ সবার আগে আমাদের একবারও জানানো হয়নি। আমি চাই এর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়ে আমার সম্পূর্ণ টাকা যাতে ফেরত পাই তার ব্যবস্থা করুক।
বিষয়ে বনগাঁ কোর্টের আইনজীবী দীপাঞ্জয় দত্ত বলেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম আছে বড় অংকের টাকার চেক ক্যাশ হওয়ার আগে গ্রাহককে ইনফর্ম করা। কিন্তু এক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে তা করা হয়নি। আগামী সাত দিনের মধ্যে এই ঘটনার কারণ জানতে চেয়ে আমার গ্রাহকের হয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সঠিক সময়ের মধ্যে উপযুক্ত উত্তর না পেলে পরবর্তীতে ব্যাংকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
এব্যাপারে ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি।

