প্রতীতি ঘোষ, আমাদের ভারত ব্যারাকপুর, ৮ সেপ্টেম্বর: ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমা মারার ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠলো ভাটপাড়া। ভোর রাতে একদল দুষ্কৃতী জগদ্দলে অর্জুন সিং এর বাসভবন মজদুর ভবনের বাড়ির গেটের সামনে বোমাবাজি করে বলে অভিযোগ। সিআইএসএফ প্রহরা থাকাকালীনই অর্জুন সিং এর বাড়িতে বোমাবাজির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।

ভোটের ফল প্রকাশের পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া ও জগদ্দল এর বিভিন্ন এলাকা। বারে বারে ঘটেছে দুষ্কৃতী হামলা। আবার কোথাও বোমাবাজি তো কোথাও হয়েছে খুন, যেগুলিকে রাজনৈতিক হিংসা বলে অভিযোগ উঠে এসেছে বারবার। সম্প্রতি যে ঘটনাগুলির তদন্ত শুরু করেছে সিবিআই এর তদন্তকারী দল। আজ বোমাবাজির খবর পেয়ে ছুটে আসে জগদ্দল থানার বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। কী কারনে কোন উদ্দেশ্যে বোমাবাজি করেছে দুষ্কৃতীরা তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাস্থল সরজমিনে ঘুরে দেখেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ শ্রীহরি পান্ডে। তিনি বলেন, “আমরা তদন্ত শুরু করেছি, সিসিটিভি ফুটেজ দেখেই আমরা আমাদের তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি। দ্রুত দুষ্কৃতীদের ধরবার চেষ্টা করা হচ্ছে।”
তবে এই ঘটনায় সাংসদ অর্জুন সিং এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাংসদ অর্জুন সিং দিল্লিতে রয়েছেন, সেই কারণে বাড়িতে বোমা মারার ঘটনা সম্পর্কে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

