শীতলকুচি ও আলিপুরদুয়ারে ভোট পরবর্তী হিংসায় মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, বললেন লীনা গঙ্গোপাধ্যায়

আমাদের ভারত, শিলিগুড়ি, ২৫ নভেম্বর: ভোট পরবর্তী হিংসা নিয়ে শীতলকুচি ও আলিপুরদুয়ার থেকে প্রচুর মহিলাদের অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। সেই অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার রাজ্য মহিলা কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়িতে স্টেট গেস্ট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় এমনটাই জানালেন কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়।

মহিলাদের অধিকার সুনিশ্চিত করতে রাজ্যে রয়েছে রাজ্য মহিলা কমিশন। তাই বর্তমানে মানুষকে নারী নির্যাতন সহ নারীদের প্রতি অত্যাচার নিয়ে সচেতন করতে তৎপর কমিশন। বৃহস্পতিবার কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উত্তরবঙ্গ সফরে আসে। মূলত উত্তরবঙ্গের চা বাগান অধ্যুষিত এলকা এবং পাহাড়ের বিভিন্ন জায়গায় তারা ভ্রমন করবেন। এদিন এই প্রতিনিধি দল বাগডোগরা বিমানবন্দর থেকে নেমে সরাসরি শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে আসেন। সেখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সাথে বৈঠক করেন। মূলত যারা নারী নির্যাতন নিয়ে এবং নারী পাচার নিয়ে কাজ করে তাদের সাথে বৈঠক করেন। জানাগেছে, আগামীকাল নারী অত্যাচার নিয়ে শিলিগুড়ির দুটি কলেজে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে, সেখানে উপস্থিত থাকবেন কমিশনের চেয়ারপার্সন এবং সদস্যরা।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় বলেন, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং বীরভূম জেলা থেকে মহিলাদের ওপর ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ জমা পড়েছে। এমন কি মারধর করে বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। আলিপুরদুয়ার জেলা এবং শীতলকুচি এলাকাতেও মহিলাদের ওপর নির্যাতনের প্রচুর অভিযোগ জমা পড়েছে।

এদিন তিনি আরও বলেন, করোনা আবহেই সবচেয়ে বেশি মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ এসেছে। কারণ ওই সময় সকলেই বাড়িতে ছিল। একই সাথে তিনি বলেন, অন্যান্য রাজ্যের তুলনায়ও এরাজ্যের মহিলারা অনেক বেশি সুরক্ষিত। কারণ অন্য রাজ্যে মহিলাদের কন্ঠ রোধ করে দেওয়া হয়। ফলে স্বাভাবিকভাবেই তাদের উপর অত্যাচার হলেও তারা তাঁর অভিযোগ পর্যন্ত করতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *