আমাদের ভারত, দার্জিলিং, ২৫ নভেম্বর: পাহাড় সমস্যার স্থায়ী সমাধান করার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিষয়ে তিনি একটি কমিটিও গঠন করে দিয়েছেন। কিন্তু স্থায়ী রাজনৈতিক সমাধানের পক্ষে নয় অজয় এডওয়ার্ড। তার লক্ষ্য পাহাড়ের উন্নয়ন। তাই এদিন নতুন দল গঠন করলেন। দলের প্রতীক হিসেবে বেছে নিয়েছেন খুকরি ও তিনটি পাখি। সাদা ও নীল রঙের পতাকাতে থাকবে এই প্রতীক। এদিন মিরিকে প্রচুর সমর্থক উপস্থিত হন দলের সূচনার অনুষ্ঠানে।

দল ঘোষণা করার পর অজয় এডওয়ার্ড বলেন, টাকা দিয়ে আমাদের সভায় লোক আনা হয়নি। সকলে নিজের থেকে এসেছেন। আর দলের নামকরণ করা হয়েছে মানুষের বাছাই করা নাম থেকে। যে চারটি নাম চুড়ান্ত হয়েছিল তার মধ্যে হামরো পার্টি অর্থাৎ আমাদের পার্টি এটাই চুড়ান্ত হয়েছে। আগামীতে আমাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। তবে আমরা কারও সাথে জোটে যাবো না। আমাদের লড়াই পাহাড়ের মানুষের দাবি নিয়ে। তাই গোর্খাল্যান্ডের দাবিকে আমরা প্রাধান্য দিচ্ছি। গত ৩৫ বছর ধরে এই দাবি নিয়ে শুধুই রাজনীতি হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অথচ এই নামের পেছনে কত মানুষের রক্তক্ষয় হয়েছে। তবে এটা সমাধান নয় আমরা চাই শান্তিপূর্ণভাবে নতুন করে এই দাবি তুলে ধরা সরকারের কাছে। তবে আমরা কেন্দ্র কিংবা রাজ্যের পুতুল হতে চাই না। পাহাড়ে তো সব দলই কারও না কারও পুতুল হয়ে বসে রয়েছে তাই আর কেউ দাবি করতে পারে না কিছু নিয়ে। এখন সকলে স্থায়ী রাজনৈতিক সমাধানের পেছনে ছুটছে। আমরা এসবের পক্ষে নই। আমরা চাই পাহাড়ের উন্নয়ন।

