গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে, উত্তেজনা শান্তিপুরের সুকান্ত পল্লীতে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ ডিসেম্বর:
এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক সাধু বেশধারীর বিরুদ্ধে। সাধু বেশে একাধিক নোংরা কাজ কর্মের সাথে যুক্ত ওই সাধু, এমনটাই অভিযোগ স্থানীয়দের। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার সুকান্ত পল্লীর।

ধর্ষিতা গৃহবধূর অভিযোগ তাঁর প্রতিবেশী বিমল বিশ্বাস নামে এক ব্যক্তি সাধুবেশে বিভিন্ন জায়গায় ভিক্ষে করে বেড়ান। গত শনিবার ওই গৃহবধূকে বাড়িতে ডেকে জোর করে ধর্ষণ করে। ধর্ষণ করার পরে ওই গৃহবধূকে হুমকি দেওয়া হয়, কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার। প্রাণের ভয়ে ওই গৃহবধূ মুখ ফুটে কাউকে কিছু বলতে পারেননি। গতকাল ওই গৃহবধূ তাঁর পরিবারের সদস্যদের সমস্ত ঘটনা খুলে বলেন। এর পরেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ।

ওই গৃহবধূর পরিবারসহ এলাকার মানুষ বেশধারী সাধুর বাড়িতে গেলে ততক্ষণে বিমল বিশ্বাস বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর উত্তেজিত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতেই ওই গৃহবধূ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আজ সকালেও শান্তিপুর থানার দ্বারস্থ হয় ওই ধর্ষিতা গৃহবধূ ও তার পরিবার। অভিযুক্ত বিমল বিশ্বাসকে এখনো গ্রেপ্তার করতে পারেনি শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় এখনও যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত বিমল বিশ্বাসের খোঁজ চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *